১৮ মাসের কাজ সাত বছরেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ সাত বছরে মাত্র ৬৫ শতাংশ হয়েছে৷ ১৮ মাসে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কয়েক দফায় ভবনের নির্মাণকাজ বন্ধ রাখা এবং ধীরগতির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে৷ নতুন ভবনের নির্মাণকাজ শেষ না হওয়ায় পুরোনো ভবনের সংস্কারকাজও বন্ধ রয়েছে৷
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, বর্তমান ভবনটি পুরোনো হওয়ায় ভর্তি হওয়া রোগীরা হাসপাতালে থাকতে চায় না৷ বাথরুমের ভাঙা দরজা-জানালা, নষ্ট ফ্যান, পানির সংকট ও গাদাগাদি করে এক কক্ষে দু-তিনজন চিকিৎসক থাকায় রোগীরা সঠিক সেবা পাচ্ছে না৷ হাসপাতালের এমন নাজুক অবস্থার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি৷
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এটিকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করতে নতুন তিনতলা ভবন নির্মাণের কাজ পায় মেসার্স লতিফ বিল্ডার্স নামে ঢাকার একটি ঠিকাদাির প্রতিষ্ঠান৷ পরে তারা সাব-ঠিকাদার হিসেবে স্বপন ট্রেডার্সকে কাজে যুক্ত করে৷ নির্মাণ ব্যয় ধরা হয় চার কোটি ৪১ লাখ টাকা৷ ২০০৭ সালের মে মাসে নির্মাণকাজ শুরু করে ১৮ মাসের মধ্যে শেষ করার কথা ছিল৷ কিন্তু রডের দাম বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে ঠিকাদার কাজ বন্ধ রাখেন৷ পরে সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে কয়েক দফায় সময় নিয়েও তাঁরা কাজ শেষ করতে পারেননি৷ এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর থেকে ঠিকাদারকে চিঠি দিয়ে কমপক্ষে ৩৫ বার সতর্ক করা হয়েছে৷
কুমিল্লার জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী বেণি মাধব নাথ বলেন, ‘সাত বছরে মাত্র ৬৫-৬৬ শতাংশ কাজ শেষ হয়েছে৷ আমরা ঠিকাদারকে দিয়ে কাজটি দ্রুত সময়ে সম্পন্ন করার চেষ্ট চালাচ্ছি৷’ সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা পর্যন্ত কাঠামো দাঁড় করানো হলেও ব্যবহারের উপযোগী হয়নি৷ ভবনটির মেঝে ও দেয়ালে পলেস্তারা দেওয়া হয়নি৷ দরজা-জানালাও লাগানো হয়নি৷
ব্রাহ্মণবাড়িয়ার জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী আবদুল হান্নান বলেন, ‘ঠিকাদার দ্রুত আমাদের কাছে বাকি কাজ সম্পন্ন করার ওয়াদা করেছেন৷ এর ব্যত্যয় হলে আমরা চুক্তি বাতিল করে আইনানুগ ব্যাবস্থা নেব৷’ স্বপন ট্রেডার্সের মালিক ইরফান ইকবাল জানান, ২০০৭-০৮ সালে রডের দাম বেশি থাকায় কাজ বন্ধ রাখা হয়৷ বর্তমানে কাজ শেষ করতে প্রকৌশল অধিদপ্তর থেকে তাঁরা একাধিক চিঠি পেয়েছেন৷ তাই বাধ্য হয়েই দ্রুত নির্মাণকাজ শেষ করতে হচ্ছে৷ সিভিল সার্জন নারায়ণ চন্দ্র দাস বলেন, নতুন ভবন নির্মাণের সঙ্গে পুরোনো ভবনের সংস্কারকাজ জড়িত৷ পুরোনো ভবনে চিকিৎসাব্যবস্থায় দুর্ভোগ ও হাসপাতালের নাজুক অবস্থার কথা জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে৷