১৮ মাসের কাজ ৫৬ মাসেও শেষ হয়নি
নরসিংদীর শিবপুর ও মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ কাজ নির্দিষ্ট সময়ে শেষ করতে পারেনি। নতুন ভবন নির্মাণকাজের জন্য নির্দিষ্টভাবে ১৮ মাস বেঁধে দেওয়া হলেও মেসার্স স্ক্যান অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ৫৬ মাসেও শেষ করতে পারেনি।নরসিংদী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৬-০৭ অর্থবছরে দুই কোটি ৯৪ লাখ ৯১ হাজার ৭৮৯ টাকা ব্যয়ে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের মধ্যে তিনতলাবিশিষ্ট ওপিডি ভবন ও আবাসিক ভবন নির্মাণকাজ শুরু হয়। ২০০৭ সালের ২ ফেব্রুয়ারি মেসার্স স্ক্যান অ্যাসোসিয়েটস প্রাইভেট লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ওই কাজ পায়। পাশাপাশি একই অর্থবছরে একই ঠিকাদারি প্রতিষ্ঠান দুই কোটি ৯৯ লাখ ৩৯ হাজার ৪৫৬ টাকা ব্যয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের মধ্যে তিনতলাবিশিষ্ট ওপিডি ভবন, আবাসিক ভবন, পাম্প হাউস, গ্যারেজ কাম ড্রাইভার কোয়ার্টার নির্মাণকাজ শুরু হয়।স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর সহকারী প্রকৌশলী এস এ মইনুল হক বলেন, ‘শিবপুর ও মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের নির্মাণকাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দিষ্ট সময়ের চেয়ে কয়েক দফা সময় বাড়িয়ে দেওয়া হয়েছিল। সম্প্রতি আমরা চিঠির মাধ্যমে বলেছি, নির্মাণকাজ যতটুকু সম্পন্ন হয়েছে, ততটুকু আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর আমরা নতুন করে দরপত্র আহ্বান করে কাজ শুরু করব।’নরসিংদী-৩ (শিবপুর) আসনের সরকারদলীয় সাংসদ জহিরুল হক ভূঁইয়া বলেন, ‘হাসপাতালের কাজটি শেষ করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে নির্ধারিত সময়ে হাসপাতালের কাজ শেষ হয়নি।’শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘আমাদের হাসপাতালটি বর্তমানে ৩১ শয্যার। নতুন ভবনের কাজ যথাসময়ে শেষ না হওয়া পর্যন্ত রোগীরা সব ধরনের সুযোগ-সুবিধা পাচ্ছে না।’