১৮ মাসের কাজ ৭২ মাসেও শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন চারটি ভবনের নির্মাণকাজ প্রায় ছয় বছরেও শেষ হয়নি। ঠিকাদার ৬০ শতাংশ কাজও শেষ করেননি। বাকি কাজ কবে হবে কেউ জানে না।
নতুন ভবন হাতে না পাওয়ায় হাসপাতালের ৫০ শয্যার কার্যক্রম শুরু করতে পারছে না কর্তৃপক্ষ। আবাসন সমস্যার কারণে চিকিৎসকেরা থাকছেন না হাসপাতালের চৌহদ্দিতে। জীবনের ঝুঁকি নিয়ে আছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা। আর রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
অনেকের অভিযোগ, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যথাযথ তদারকি না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য প্রকৌশল বিভাগ কিশোরগঞ্জের নির্মাণ, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা ইউনিটের দায়িত্বে আছেন প্রকৌশল অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী জিয়াউল হাসান৷ তিনি জানান, ‘কাজ দ্রুত শেষ করতে প্রিতষ্ঠানটিকে কয়েকটি চিঠি দেওয়া হয়েছে। এতে কাজ না হলে কার্যাদেশ বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান করা হবে।’
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সূত্র জানায়, ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করতে পুরোনো ভবন সংস্কারসহ নতুন চারটি ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। দোতলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন, চিকিৎসকদের দোতলা আবাসিক ভবন, দ্বিতীয় শ্রেিণর কর্মচারীদের আবাসিক ভবন ও তৃতীয় শ্রেণির কর্মচারীদের তিনতলা আবাসিক ভবন নির্মাণ ও পুরোনো হাসপাতাল ভবন সংস্কারের কাজটি পায় ঢাকার মেসার্স কাজল বিল্ডার্স। পাঁচ কোটি ১৪ লাখ টাকার এই নির্মাণকাজ ২০০৮ সালের ১৬ জুন শুরু হয়। ২০০৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভবনগুলো কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল।
নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম বলেন, যে গতিতে কাজ চলছে তাতে কোনোভাবেই ২০১৪ সালের মধ্যে ৫০ শয্যার নতুন ভবন কতৃর্পক্ষকে বুঝিয়ে দেওয়া সম্ভব নয়।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মাঝেমধ্যে শ্রমিক পাঠিয়ে একটা বিল করার মতো কাজ করে উধাও হয়ে যায়। এভাবেই চলছে ছয় বছর। সর্বশেষ চার মাস আগে কিছু শ্রমিক পাঠানো হয়৷ তাঁরা কিছু কাজ করে চলে গেছেন৷ প্রতিষ্ঠানটি যে কাজ করছে তার মানও খুব খারাপ।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন ফেলে রাখায় নির্মাণাধীন ভবনগুলো নষ্ট হচ্ছে৷ এগুলোতে দিনরাত বসছে মাদকাসক্তদের আড্ডা। রাতে চলে জুয়ার আসর। অসামাজিক কার্যকলাপের জন্যও অপরাধীরা ভবনগুলো বেছে নিচ্ছে বলে জানা গেছে। এসব উৎপাতে কর্তৃপক্ষ ও এলাকাবাসী অতিষ্ঠ।
নিকলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মজিদ প্রথম আলোকে বলেন, ‘ স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনের সংস্কার নতুন ভবনের সঙ্গে যুক্ত৷ তাই আমরা পুরোনোটা আলাদাভাবে সংস্কারের উদ্যোগ নিতে পারছি না। হাসপাতালের দরজা, জানালা সব ভেঙে যাচ্ছে। পয়ঃপ্রণালি ও পানিনিষ্কাশন ব্যবস্থা নষ্ট হয়ে গেছে। বৃষ্টি হলে রোগীদের শরীরে পানি পড়ে।’
কিশোরগঞ্জের সিভিল সার্জন মৃণাল কান্তি পণ্ডিত বলেন, ‘নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে জেলার অন্য যেসব হাসপাতালের কাজ শুরু হয়েছিল, সেগুলোর নির্মাণকাজ অনেক আগেই সম্পন্ন হয়েছে। একমাত্র ঠিকাদারের গাফিলতির কারণে এই স্বাস্থ্য কমপ্লেক্সের কাজ শেষ হলো না। আমি প্রতি মাসে জেলা উন্নয়ন সভায় এ সমস্যা নিয়ে কথা বলি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।’
মেসার্স কাজল বিল্ডার্সের প্রতিনিধি নূরুল ইসলামের সঙ্গে কিছুদিন আগে হাসপাতাল চত্বরে কথা হয়েছিল। তিনি তখন বলেছিলেন, ‘তাঁদের কিছু সমস্যা ছিল তাই কাজটি ঠিকমতো করা যায়নি। এখন কয়েক শ শ্রমিক একসঙ্গে লাগিয়ে হলেও কাজটি দ্রুত শেষ করার ইচ্ছা আছে।’