
টাঙ্গাইলের বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের নির্মাণকাজ নয় বছরেও শেষ হয়নি। কাজ দ্রুত শেষ করার দাবিতে ইতিপূর্বে এলাকাবাসী মানববন্ধন করেছেন, স্মারকলিপি এমনকি লিখিত অভিযোগ পর্যন্ত দিয়েছেন। ঠিকাদারি প্রতিষ্ঠান চার বছর ধরে কাজ বন্ধ রেখেছে।
বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০০৫ সালে বাসাইল স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেয় সরকার। ওই বছরের ১০ জানুয়ারি দরপত্র আহ্বান করা হয়। প্রকল্পের অবকাঠামো নির্মাণ এবং হাসপাতালের পুরোনো একতলা ভবন সংস্কারের কাজ পায় মেসার্স সোনার বাংলা প্রকৌশল সংস্থা। যাঁর চেয়ারম্যান সাবেক সাংসদ ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। ওই বছরের ২৪ সেপ্টেম্বর কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশের শর্ত অনুযায়ী ১৮ মাসের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। কিন্তু গত নয় বছরেও প্রকল্পের কাজ শেষ করেনি প্রতিষ্ঠানটি।
স্বাস্থ্য প্রকৌশল বিভাগ টাঙ্গাইলের সহকারী প্রকৌশলী সাইদুর রহমান জানান, দরপত্র অনুযায়ী চার কোটি ৯৬ লাখ ১০ হাজার ৪৪৯ টাকায় দুটি চারতলা, একটি দোতলা ও একটি একতলা ভবন নির্মাণ এবং পুরোনো ভবন সংস্কারের কথা। ২০০৬ সালের ২৬ সেপ্টেম্বরের মধ্যে ঠিকাদার তিন কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৮২ টাকা তুলে নিয়েছেন। চার বছর আগে থেকে সব কটি ভবনের নির্মাণকাজ বন্ধ আছে। স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত ৭৫ ভাগ কাজ হয়েছে।
হাসপাতালের সেবিকা রাবেয়া আক্তার বলেন, ‘আমরা জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনেই মানবেতর দিন কাটাচ্ছি।’ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মালেকা বানু জানান, ভবন নির্মাণের কাজ শেষ না হওয়ায় প্রয়োজনীয় জনবল থাকা সত্ত্বেও অস্ত্রোপচারের কাজ করতে পারছেন না তাঁরা। ৫০ শয্যার হাসপাতালের জন্য বরাদ্দ সব সরঞ্জাম ভান্ডারকক্ষে রাখা আছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, কাজটি দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন, অবরোধ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি পেশের কর্মসূচিও পালন করা হয়েছে।
টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সোনার বাংলা প্রকৌশল সংস্থায় দায়িত্বরত কর্মকর্তা রফিকুল ইসলাম দাবি করেন, এরই মধ্যে ভবন নির্মাণের ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। বিল তোলা হয়েছে মাত্র ৪০ ভাগ কাজের। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বারবার সিদ্ধান্ত পরিবর্তনের কারণে নির্মাণকাজ করতে বেশি দেরি হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রকৌশলী বিমলেশ তালুকদার বলেন, ‘প্রধান প্রকৌশলীর দপ্তরে প্রয়োজনীয় বরাদ্দ বাড়ানোর আবেদন করা হয়েছে। বরাদ্দ মঞ্জুর হলে কাজ শুরু করা হবে।’
তবে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী কামাল হায়াৎ বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই ১৮ মাসের কাজ নয় বছরেও শেষ হয়নি। প্রতিষ্ঠানটি এর দায় আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিষয়টি সমাধানের জন্য স্বাস্থ্য প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলীর কাছেও অভিযোগ দেওয়া হয়েছে।’