১৮ মুক্তিযোদ্ধার নাম উজ্জ্বল ১৮ সড়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদরের সাঁইত্রিশ বাসস্ট্যান্ড থেকে শ্রীপুর উপজেলায় যেতে হয় বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ওরফে ফরহাদ সড়ক ধরে। এরপর বীর বিক্রম আবদুল মোতালেব সড়ক। এই সড়কটি ঢুকে পড়েছে শ্রীপুর উপজেলা শহরে। সেখানকার প্রধান সড়কটিও একজন মুক্তিযোদ্ধার নামে, শহীদ মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম ওরফে মুকুল সড়ক।
মাগুরার তিন উপজেলায় এমন ১৮টি সড়কের নামকরণ হয়েছে জাতির বীর সন্তানদের নামে। মূলত স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে এই নামকরণ হয়। ইতিমধ্যে কয়েকটি সড়কের নামের সরকারি স্বীকৃতি মিলেছে।
জানতে চাইলে মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজমুল হক প্রথম আলোকে বলেন, এটা অবশ্যই ভালো উদ্যোগ। মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণের নথি এলে যত দ্রুত সম্ভব তাঁরা সেটি অনুমোদন করে দেন। এ বিষয়ে প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।
মাগুরা সদর উপজেলার সাতটি সড়কের নামকরণ করা হয়েছে সাতজন মুক্তিযোদ্ধার নামে। সরকারি স্বীকৃতি মিলেছে তিনটির। এগুলো হলো মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম ওরফে ফরহাদ সড়ক, মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান সড়ক ও মুক্তিযোদ্ধা সৈয়দ আতর আলী সড়ক। মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম সড়ক, শহীদ রমজান আলী সড়ক, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সড়ক ও মুক্তিযোদ্ধা জহুর-ই-আলম সড়ক স্বীকৃতির অপেক্ষায় রয়েছে।
সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. জহুর-ই-আলম প্রথম আলোকে বলেন, এলাকার মানুষ যাতে মুক্তিযোদ্ধাদের মনে রাখেন, সে কারণেই তাঁরা এ উদ্যোগ নেন।
শ্রীপুরে মুক্তিযোদ্ধাদের নামে সড়ক আছে ছয়টি। এগুলো হচ্ছে মুক্তিযোদ্ধা মুকুল সড়ক, শহীদ মোতালেব সড়ক, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সড়ক, মুক্তিযোদ্ধা জমির হোসেন সড়ক, বীর বিক্রম আমিরুল ইসলাম সড়ক ও মুক্তিযোদ্ধা আবদুল কুদ্দুস সড়ক। সবগুলোরই সরকারি স্বীকৃতির জন্য আবেদন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
শ্রীপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইকরাম আলী বিশ্বাস বলেন, আবদুল কুদ্দুস তাঁর এলাকার একজন মুক্তিযোদ্ধা। কিন্তু দেশের জন্য তাঁর অবদানের কথা এলাকার অনেকেই জানেন না। আবদুল কুদ্দুসের নামে সড়ক হওয়ায় লোকজন এখন তাঁর সম্পর্কে জানবেন।
আবদুল কুদ্দুসের ছেলে ওহিদুর রহমান বলেন, বাবার নামে এই সড়কের নামকরণ হওয়ায় তাঁরা খুবই খুশি। এখন দেশের জন্য আবদুল কুদ্দুসের অবদানের কথা গ্রামবাসী জানছেন। তাঁকে নিয়ে গর্বও করতে পারছেন।
মহম্মদপুর উপজেলায় পাঁচটি সড়ক রয়েছে মুক্তিযোদ্ধাদের নামে। মুক্তিযোদ্ধা কোবাদ আলী, মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, বীর প্রতীক গোলাম ইয়াকুব মিয়া ও মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের নামে এই সড়কগুলোও সরকারি স্বীকৃতির অপেক্ষায় রয়েছে।
জেলা প্রশাসন সূত্র বলছে, ইউনিয়ন বা পৌরসভা এলাকার কোনো সড়কের নামকরণ করতে কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। প্রথমে নিজ নিজ পরিষদ তাদের সভায় রেজ্যুলেশনের (লিখিত কার্যবিবরণী) মাধ্যমে নাম প্রস্তাব করে। এরপর উপজেলা পরিষদের সভায় আলোচনা শেষে সেটা জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হয়। জেলা প্রশাসকের দপ্তর অনুমোদন দিলে প্রস্তাবটি মন্ত্রণালয়ে যায়। মন্ত্রণালয়ের মাধ্যমে নামের চূড়ান্ত অনুমোদন হয়।
মাগুরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোল্লা নবুয়ত আলী বলেন, মুক্তিযোদ্ধাদের যুগ যুগ বাঁচিয়ে রাখতে তাঁদের নামে সড়ক করা হয়েছে। ২০১৪ সালের আগে জেলায় তিন-চারটি সড়ক মুক্তিযোদ্ধাদের নামে ছিল। যে সড়কগুলো কোনো ব্যক্তির নামে নেই, সেগুলো স্থানীয় মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে বলে তাঁরা সিদ্ধান্ত নেন। এ উদ্যোগ এলাকার মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। পর্যায়ক্রমে আরও মুক্তিযোদ্ধার নামে সড়ক করা হবে।