১৮ রেলক্রসিং অরক্ষিত, দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ১৮টি রেলক্রসিং অরক্ষিত। এসব রেলক্রসিংয়ে যানবাহন আটকানোর কোনো গেটবেরিয়ার (লৌহদণ্ড) ও গেটকিপার (গেটরক্ষক) নেই। বহু মানুষ ও যানবাহন ঝুঁকির মধ্যেই পারাপার হচ্ছে এসব ক্রসিং। গত ১৫ বছরে ছয়টি রেলক্রসিংয়ে দুর্ঘটনায় ১০ ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
রেলওয়ে স্টেশনের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ আগস্ট পৌর শহরের বাসস্ট্যান্ডের টি/৬৪/সি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় নছিমনের দুই যাত্রী সাহিদার রহমান (৪৮) ও মজিদুল ইসলাম (১২) প্রাণ হারান। গত বছরের ১১ সেপ্টেম্বর চিলারবাজার রেলক্রসিংয়ে মোটরসাইকেল আরোহী স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আফাজ উদ্দিন (৫৫) এবং ৩১ অক্টোবর রেনু বেগম (৪৫) নামের এক নারী রেলে কাটা পড়ে নিহত হন। এর আগে ২০১২ সালের এপ্রিলে তেলিপাড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক্টর দুমড়ে-মুচড়ে যায়। এতে শ্রমিক অহিদুল ইসলাম (২৫) প্রাণ হারান। ২০১১ সালের মার্চ মাসে তেলিপাড়া রেলক্রসিংয়ে মনছুর আলী (৭০) এবং ওই বছরের ২৪ সেপ্টেম্বর বানিয়াপাড়ায় ব্র্যাক কার্যালয়সংলগ্ন রেলক্রসিংয়ে মানিক লাল (২৩) নামে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা যান। ২০১০ সালের মার্চ মাসে সরেয়ারবাজার ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়। ১৯৯৮ সালের জুনে পাটগ্রাম-দহগ্রাম আঙ্গরপোতা সড়কের পৌর এলাকার টি/৬৫/সি রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে দুজন প্রাণ হারান। এ ছয়টি রেলক্রসিংয়ের মধ্যে একমাত্র টি/৬৪/সি রক্ষিত।
রেলস্টেশন সূত্র জানায়, পাটগ্রাম উপজেলার অরক্ষিত অন্য রেলক্রসিংগুলো হলো খানপাড়া, বিএসসি মাস্টারের বাড়ি, বেলতলী স্টেশন, ঘুণ্টিঘর, দর্জিপাড়া, বুড়িমারী বাজার, শিমুলতলা, সরকারেরহাট ছিট এলাকা, আলাউদ্দিননগর স্টেশন, জুম্মারপাড় এলাকার তিনটি ও বাউরা মাদ্রাসা এলাকা। এগুলোতে কোনো গেটবেরিয়ার বা গেটরক্ষক নেই।
টি/৬৫/সি রেলক্রসিং এলাকার বাসিন্দা সফিকুল ইসলাম বলেন, জনগুরুত্বপূর্ণ এই রেলগেটটি রেলস্টেশন থেকে মাত্র এক হাজার গজ দূরে। পৌর সদরের মধ্যে এর দুপাশে আট-দশটি বিদ্যালয় ও কলেজ এবং হাটবাজার রয়েছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ এই রেলক্রসিং দিয়ে চলাচল করে। অথচ রেল কর্তৃপক্ষ দীর্ঘদিনেও এখানে কোনো গেটবেরিয়ার তৈরি বা গেটরক্ষক নিয়োগ করেনি।
বানিয়াপাড়ায় ব্র্যাক কার্যালয়সংলগ্ন রেলক্রসিংয়ের পাশে তিনটি কলেজ, একটি মাধ্যমিক ও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখান দিয়ে প্রতিদিন কয়েক শ শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার লোকজন চলাচল করে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের চারজন শিক্ষক জানান, স্থানীয় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছেলেমেয়েসহ এলাকার কয়েক হাজার মানুষ প্রতিদিন এই ক্রসিং দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। অথচ এখানে রেল কর্তৃপক্ষ কোনো সতর্কতামূলক সাইনবোর্ড লাগায়নি।
পাটগ্রাম রেলস্টেশনের স্টেশনমাস্টার উত্তম কুমার বলেন, ‘স্টেশন এলাকার দুটি রেলক্রসিং দেখভালের দায়িত্ব আমার। এর মধ্যে একটিতে গেটবেরিয়ার রয়েছে। অপরটি টি/৬৫/সি রেলক্রসিংয়ে কোনো গেটবেরিয়ার বা গেটরক্ষক নেই। এ উপজেলায় অন্য ১৭টি রেলক্রসিংয়ে গেটবেরিয়ার ও গেটরক্ষক নেই। এগুলো দেখভালের দায়িত্ব লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় প্রকৌশলীর। তিনিই বিষয়টি ভালো বলতে পারবেন।’