১৮ রোগীর চোখ নষ্ট হওয়ার তদন্ত শুরু
হবিগঞ্জে ছানি কাটাতে গিয়ে ১৮ জন রোগীর চোখ নষ্ট হওয়ার ঘটনায় সরকার গঠিত তদন্ত কমিটি কাজ শুরু করেছে। গত বৃহস্পতিবার দুপুরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের চক্ষু বিভাগের বিভাগীয় প্রধান সামছুল হকের নেতৃত্বে ছয় সদস্যের তদন্ত দল হবিগঞ্জ জাসপোস আধুনিক হাসপাতাল পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। গত ২ জুলাই প্রথম আলোয় ‘ছানি অপসারণের পর দৃষ্টিহীন’ শিরোনামে একটি এবং পরের দিন আরেকটি ফলোআপ প্রতিবেদন প্রকাশিত হয়। পরে সরকারের পক্ষ থেকে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন—জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও তদন্ত কমিটির সদস্যসচিব শওকত আরা, সাইফুদ্দিন আহমেদ, ন্যাশনাল আই কেয়ারের চিকিৎসক আ ফ ম মঈন, আকরামুল ইসলাম ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপতালের চিকিৎসা কর্মকর্তা কায়সার রহমান। তদন্ত কমিটির প্রধান সামছুল হক বলেন, ‘আমরা জাসপোস হাসপাতাল ঘুরে দেখেছি। কিছু আলামত সঙ্গে নেওয়া হচ্ছে। পাশাপাশি অনেকের সঙ্গে কথা হয়েছে।’ আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।