১৮ রোহিঙ্গাকে আটকের পর মিয়ানমারে ফেরত
নাফ নদী পার হয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালানো ১৮ জন রোহিঙ্গাকে গতকাল শুক্রবার আটকের পর আবার মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের পৃথক অভিযানে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে এসব রোহিঙ্গাকে আটক করা হয়।বিজিবি সূত্র জানায়, গতকাল সকালে শাহপরীর দ্বীপ-সংলগ্ন ঘোলাপাড়া এলাকায় ১১ জন ও ঝিমংখালী এলাকা থেকে একজন রোহিঙ্গাকে আটক করা হয়। এ ছাড়া হ্নীলা স্টেশন এলাকায় অভিযান চালিয়ে টেকনাফ থানার পুলিশ আরও ছয়জন রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে পুলিশ। বিজিবি জানিয়েছে, আটক রোহিঙ্গারা মিয়ানমারের মংডু শহরের বলিবাজার ও ফাতংজার এলাকার বাসিন্দা।বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শফিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে প্রথম আলোকে বলেন, আটকের পর ওই রোহিঙ্গাদের আবার মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।