১৮ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সাড়ে তিন বছরে বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে ছয় হাজার মেঘাওয়াটে উন্নীত করেছে। বিদ্যুতের উন্নতি হয়েছে, আরও হবে। ২৪ লাখ নতুন সংযোগ দেওয়া হয়েছে। সরকারের চার হাজার কোটি টাকার একটি প্রকল্প আছে, এই প্রকল্পের মাধ্যমে আরও ১৮ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ-সংযোগ দেওয়া হবে। গতকাল বুধবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সাড়ে ছয় কোটি টাকা ব্যয়ে স্থাপিত বিদ্যুতের নতুন উপকেন্দ্র উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় উপদেষ্টা এসব কথা বলেন। জনসভায় প্রধান অতিথি ছিলেন দপ্তরবিহীন মন্ত্রী ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘এখন বিশ্বায়নের যুগ। আমরা এখনো কৃষিভিত্তিক যুগে আছি। যত কষ্টই হোক আমাদের ডিজিটাল যুগে প্রবেশ করতে হবে।’ স্থানীয় বালুর মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিনের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন, সাংসদ মুহিবুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আবদুল ওয়াহাব খান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের নেতা শামসুল ইসলাম, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুহেল আহমদ প্রমুখ।