১৮ লাখ টাকা ব্যয়ের হিসাব মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা সরকারি মহিলা কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ কাজি আবু তাহেরের দায়িত্বের সাড়ে আট মাসে কলেজ তহবিলের প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ের হিসাব মিলছে না। কলেজের অভ্যন্তরীণ একটি নিরীক্ষা কমিটি সম্প্রতি নথিপত্র ও হিসাব যাচাই-বাছাই করে এ বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে। কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে গত সপ্তাহে চিঠি দিয়েছে।কলেজ সূত্রে জানা গেছে, সাবেক অধ্যক্ষ আবু তাহেরের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ ওঠায় গত ২১ এপ্রিল তিন সদস্যের একটি অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি গঠন করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দুভূষণ ভৌমিক। কমিটির আহ্বায়ক দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আজহারুল হক এবং সদস্য পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দীন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম শহীদ উল্লাহ।কমিটি ২০০৯ সালের ১৩ জুলাই থেকে ২০১০ সালের ৩০ মার্চ পর্যন্ত কলেজের আর্থিক লেনদেন ও ব্যবস্থাপনা হিসাব পর্যালোচনা করে গত ১১ মে প্রতিবেদন জমা দিয়েছে। ওই সময়ে কলেজের অধ্যক্ষ ছিলেন আবু তাহের।প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০০৯ সালের ১৩ জুলাই আবু তাহের যখন অধ্যক্ষের দায়িত্ব নেন তখন কলেজের তহবিল ২৭ লাখ ৫২ হাজার ৩৪০ টাকার। গত ৩০ মার্চ তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত বিভিন্ন খাত থেকে কলেজের আয় হয় প্রায় ৩৬ লাখ টাকা। আর দায়িত্ব ছেড়ে যাওয়ার সময় তিনি তহবিলে রেখে গেছেন ১০ লাখ ৫৩ হাজার ৪২৭ টাকা। সব মিলিয়ে তিনি খরচ দেখিয়েছেন ৫২ লাখ ৯৮ হাজার ৯১৩ টাকা। কিন্তু এর মধ্যে ১৭ লাখ ৭৯ হাজার ১০০ টাকা ব্যয়ের হিসাব পাওয়া যায়নি।নিরীক্ষা প্রতিবেদনে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় তহবিল, পরীক্ষা তহবিল, বিবিধ তহবিল এবং সরকারি বরাদ্দসহ চারটি খাতে ওই অসংগতি পাওয়া যায়। কমিটির আহ্বায়ক আজহারুল হক জানিয়েছেন, অর্থ লেনদেনে বিভিন্ন অনিয়ম ও অসংগতি পাওয়া গেছে। বিষয়গুলো প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দুভূষণ জানান, নিয়মানুযায়ী কলেজের ক্যাশ বইতে সই করেন উপাধ্যক্ষ, কিন্তু সাবেক অধ্যক্ষের সময় সেটি হয়নি। তা ছাড়া এক খাতের টাকা অন্য খাতে খরচ করার বিধান না থাকলেও তিনি তা-ই করেছেন।অভিযোগের বিষয়ে সাবেক অধ্যক্ষ আবু তাহের বলেন, ‘যাঁরা ওই প্রতিবেদন তৈরি করেছেন তাঁরা কেউই আমার সঙ্গে কথা বলেননি। এটা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।’ তবে নিরীক্ষা কমিটির আহ্বায়ক আজহারুল হক বলেন, ‘আমরা শুধু নথিপত্র যাচাই করে দেখেছি। সাবেক অধ্যক্ষের সঙ্গে কথা বলা আমাদের দায়িত্ব নয়, সেটি বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলবেন।’ হিসাব সহকারী মো. আবদুল হান্নান বলেন, ‘অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটি আমাকে ডেকেছিল। সেখানে যা বলা দরকার বলেছি। অধ্যক্ষের অনুমোদন ছাড়া কোনো অর্থ খরচ করা হয়নি।’