কক্সবাজারের উখিয়ায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ১৯টি প্রকল্পের কাজে অনিয়ম ও দুর্নীতি করার অভিযোগ পাওয়া গেছে। কাজ বন্ধ রেখে এবং অনুপস্থিত শ্রমিকদের নামেও টাকা তোলা হচ্ছে। একই সঙ্গে প্রকল্পের সদস্যদের বিরুদ্ধে শ্রমিকদের টাকা পরিশোধ না করারও অভিযোগ পাওয়া গেছে। প্রকল্প কমিটির সদস্য হিসেবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এভাবে প্রায় ১৮ লাখ টাকা ভাগবাটোয়ারা করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় উপজেলার রাজাপালং, রত্নপালং, পালংখাসী, হলদিয়া পালং ও জালিয়া পালং ইউনিয়নের ২১টি প্রকল্পের কাজ চলছে। এতে তালিকাভুক্ত উপকারভোগী শ্রমিকের সংখ্যা তিন হাজার ৩৯১ জন। গত ১০ মার্চ থেকে ৪০ দিনের এ কর্মসূচির কাজ শুরু হয়। শ্রমিকপ্রতি দৈনিক ১২০ টাকা মজুরি পরিশোধের নিয়ম রয়েছে। এ জন্য এক কোটি ৬২ লাখ ৭৬ হাজার ৮০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। এ পর্যন্ত প্রতি শুক্রবার বন্ধের দিন ছাড়া ৩২ দিন কাজ হয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, পালংখাসী ইউনিয়ন ছাড়া বাকি চার ইউনিয়নে প্রতি শনিবারও কাজ বন্ধ ছিল। এভাবে কাজ শুরু হওয়ার পর থেকে পাঁচ শনিবারে প্রায় ১৮ লাখ টাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা ভাগবাটোয়ারা করে নিয়েছেন। প্রকল্প কমিটির সদস্যরা ভুয়া মাস্টার রোল তৈরি করে বিল জমা দিয়ে এ টাকা তুলেছেন। রাজাপালং ইউনিয়নের মাছ চাষিরা খাল পুনর্খনন প্রকল্প এলাকায় উপকারভোগী শ্রমিকের সংখ্যা ৪০০ জন। ওই এলাকায় শনিবার গিয়ে দেখা যায়, সেখানে কোনো শ্রমিক নেই। ওই এলাকার হাকিম মিরা (৩০) ও কৃষক শামসুল আলম (৪৫) জানান, প্রতি শনিবার কাজ বন্ধ থাকে। এখানে কিছু দিন প্রায় ২০০ ও পরে ১৫০ শ্রমিক কাজ করে। এখানে কাজ করেছেন শীলের ছড়া গ্রামের ছব্বির আহাম্মদ (৬০)। তিনি অভিযোগ করেন, তিনি প্রথমে ১২ দিন কাজ করে সাত দিনের বেতন পান। পাঁচ দিনের বেতন না পাওয়ায় আর কাজে যাননি। রাজাপালং ইউনিয়ন প্রকল্প কমিটির সভাপতি উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী ইকবাল হোসাইন জানান, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী শনিবার কাজ বন্ধ থাকার কথা নয়। ওই প্রকল্পের সদস্য সচিব কক্সবাজার-৪ আসনের সাংসদ আবদুর রহমান বদির শালা এবং উখিয়া কৃষকলীগের সদস্য সচিব জাহাঙ্গীর কবির চৌধুরী। তাঁর সঙ্গে কথা বলতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। গত বৃহস্পতিবার জালিয়া পালং ইউনিয়নের রেজু খালের পাশে বেড়ি বাঁধ ও রাস্তা সংস্কার এবং হামিদার ছড়া রাস্তা পুনঃসংস্কার প্রকল্পে গিয়ে দেখা যায়, ৩০০ জন উপকারভোগী শ্রমিকের স্থলে ১০০ জন কাজ করছেন। জালিয়া পালং ইউনিয়ন প্রকল্প কমিটির সদস্য সচিব ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাকসুদুল্লাহ বলেন, ‘উপজেলার প্রভাবশালী ও দায়িত্বশীল কয়েকজন আওয়ামী লীগ নেতাকে লাখে ২৫ হাজার টাকা করে কমিশন দিতে হয়। সেখানে ভালো কাজ কী করে হবে।’প্রকল্প কমিটির সভাপতি ও যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, আওয়ামী লীগের নেতারা যেভাবে চালাচ্ছেন সেভাবে কাজ চলছে, তাই সামান্য একটু অনিয়ম হচ্ছে। মঙ্গলবার রত্নপালং ও হলদিয়া পালং ইউনিয়নের নয়টি প্রকল্প ঘুরে দেখা যায় একই চিত্র। এ দুই ইউনিয়নে এক হাজার ২৩১ জন শ্রমিকের স্থলে ৫০০ শ্রমিক কাজ করছে।রত্নপালং ইউনিয়নের প্রকল্প কমিটির সদস্য সচিব ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসহাবউদ্দিন, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল হক বলেন, সব কিছু এভাবে দেখলে দলের নেতা-কর্মীরা কীভাবে চলবে। অনুপস্থিত শ্রমিকের বিল কীভাবে তুলছেন জানতে চাইলে বলেন, অফিসিয়াল নিয়ম মেনেই বিল উত্তোলন করা হচ্ছে।উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী বলেন, আওয়ামী লীগের কিছু নেতা দরিদ্র শ্রমিকদের টাকা লুটপাটের ঘটনায় জড়িত; বিষয়টি খুবই দুঃখজনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ গোলামুর রহমান বলেন, ‘প্রকল্পে অনিয়ম হলে আমি ব্যবস্থা নেব।’