১৮ লাখ টাকার জাল নোটসহ যুবক গ্রেপ্তার
রাজধানীর ডেমরা থানার ডগাইর এলাকা থেকে গত সোমবার ১৮ লাখ টাকার জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ মো. রাব্বি (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১০-এর অপারেশন অফিসার ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেল পাঁচটার দিকে ডগাইর এলাকা থেকে জাল নোট বিক্রির সময় রাব্বিকে আটক করা হয়। পরে রাব্বির দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় তাঁর বাসায় তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে ১৮ লাখ টাকার তৈরি জাল নোট, জলছাপযুক্ত বিপুল পরিমাণ টাকা তৈরির কাগজ, টাকা বানানোর যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এ ছাড়া একটি ল্যাপটপ, চারটি প্রিন্টার, একটি পেনড্রাইভ, চারটি সিডি, ১১১ বান্ডিল টাকার নিরাপত্তা সুতা, ১৭ বোতল বিভিন্ন রকমের রং ও সাতটি টাকা বানানোর ছাঁচ (ডায়াস) উদ্ধার করা হয়।
র্যাবের কর্মকর্তা বলেন, তৈরি ১৮ লাখ টাকার জাল নোট ছাড়াও এক পাশে প্রিন্ট দেওয়া ও জলছাপযুক্ত কাগজও উদ্ধার করা হয়েছে। সম্পূর্ণ তৈরি হলে জাল টাকার পরিমাণ ১২ কোটি ছাড়িয়ে যেত।
র্যাবের কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, দীর্ঘদিন ধরে রাব্বি নারায়ণগঞ্জ ও ঢাকায় অবৈধ জাল টাকার ব্যবসা করে আসছিলেন। ১০ হাজার টাকার বিনিময়ে তিনি বিভিন্নজনের কাছে এক লাখ টাকা বিক্রি করতেন। সচরাচর এ ব্যবসা করলেও সাধারণত ঈদের আগেই তিনি ও তাঁর সহযোগীরা বেশ সক্রিয় হয়ে ওঠেন। সাত-আট মাস আগে দেড় লাখ টাকার জাল নোটসহ তাঁকে আটক করা হয়েছিল। জামিনে বের হয়ে একই ব্যবসা শুরু করেন তিনি।