১৮ শতাংশ শিশু কার্যকর মাত্রায় টিকা পাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১৮ শতাংশ শিশুকে কার্যকর মাত্রায় টিকা দেওয়া হচ্ছে না। এতে শিশুকে টিকা দেওয়ার আসল উদ্দেশ্য যেমন সফল হয় না, ​তেমনি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে ওঠে না। ‘ঢাকা সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় ১২ মাস বয়সী শিশুদের টিকা প্রদানে কার্যকর ডোজের বাধা’ শিরোনামে এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই গবেষণার তথ্য উপস্থাপন করা হয়। ইমিউনাইজেশন প্ল্যাটফর্ম অব সিভিল সোসাইটি ইন বাংলাদেশ (আইপিসিএসবি) এই গবেষণা করেছে।
এই প্রতিবেদনে বলা হচ্ছে, টিকা দানের কার্ড হারিয়ে যাওয়া, অভিভাবকদের টিকার মাত্রা সম্পর্কে অজ্ঞতা এবং পরিবারের বাসস্থান পরিবর্তনের কারণে শিশুরা কার্যকর মাত্রায় টিকা পায় না। এ ছাড়া স্বাস্থ্যকর্মীদের টিকার কার্যকর মাত্রা সম্পর্কে অজ্ঞতার পাশাপাশি টিকা দেওয়ার প্রশিক্ষণ না থাকায় শিশুরা কার্যকর মাত্রায় টিকা পায় না।
বিশেষজ্ঞরা বলেছেন, সঠিক সময়ে, সঠিক নিয়মে ও সঠিক মাত্রায় টিকা দেওয়াই হচ্ছে টিকার কার্যকর মাত্রা বা ভ্যালিড ডোজ। কিছু টিকা চার সপ্তাহ বা ২৮ দিন পরে দেওয়ার বিধান আছে। ২৭ দিনের দিন এই টিকা দিলে তা অকার্যকর হবে। একইভাবে নির্দিষ্ট সময়ের পরে টিকা দিলে তাও অকার্যকর।
অনুষ্ঠানের পরে পুষ্টিবিদ ও আইপিসিএসবির চেয়ারম্যান এসকে রায় প্রথম আলোকে বলেন, ‘টিকার উদ্দেশ্য রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। কার্যকর মাত্রায় টিকা দেওয়া না হলে সেই উদ্দেশ্য অর্জিত হয় না।’
অনুষ্ঠানে বলা হয়, দেশের এক বছরের কম বয়সী শিশুদের ছয়টি সংক্রামক রোগের টিকা দেওয়ার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহায়তায় ১৯৭৯ সালের ৭ এপ্রিল সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) শুরু হয়। এই ছয়টি রোগ হচ্ছে: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, হাম ও পোলিও। ১৯৮৫ সালে কার্যকর মাত্রায় টিকার আওতায় আসে দুই শতাংশ শিশু। ২০১৪ সালে ৮১.৬ শতাংশ শিশু কার্যকর মাত্রার টিকা পেয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য ও বিশ্বস্বাস্থ্য) রোকসানা কাদের বলেন, গবেষণার ফলাফল কার্যকর মাত্রায় টিকা দানের হার বাড়াতে সহায়তা করবে। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজের সমন্বয় জোরদার করে গ্রামাঞ্চলের মতো শহর এলাকাতেও টিকা দানের হার বাড়াতে হবে।