১৮ সড়কে ১৫ দিন ধরে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর ও মাগুরা বাসমালিক সমিতির দ্বন্দ্বের কারণে ১৮টি সড়কে বাস চলাচল ১৫ দিন ধরে বন্ধ রয়েছে। এর ফলে প্রতিদিন ১০ সহস্রাধিক যাত্রী চরম ভোগান্তির মধ্যে পড়েছে। এদিকে দক্ষিণ-পশ্চিমাঞ্চল মালিক ঐক্য পরিষদ ২০ সেপ্টেম্বর মাগুরা বাসমালিক গ্রুপের সভাপতিকে অপসারণের দাবি জানিয়েছে। অন্যথায় ২১ সেপ্টেম্বর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৬ আগস্ট মাগুরার বাসমালিক সমিতির একটি বাস (ঝাউলি) মাগুরা থেকে রাজবাড়ীর দৌলতদিয়ায় যাওয়ার পথে ফরিদপুরের কামারখালী থেকে ফিরিয়ে দেন ফরিদপুর মালিক ও শ্রমিকেরা। তাঁদের দাবি, আলোচনা ছাড়া অনির্ধারিত ট্রিপ হওয়ায় বাসটিকে ফিরিয়ে দেওয়া হয়েছে।ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জাকির হোসেন জানান, মাগুরার বাসটি ফিরিয়ে দেওয়ার পরদিনই মাগুরা বাসমালিক সমিতি মাগুরা হয়ে ফরিদপুরের ১৮টি রুটে চলাচলকারী বাস বন্ধ করে দেয়। ওই দিন মাগুরায় তাদের দুই চালককে মারধর, একটি গাড়ির যন্ত্রাংশ খুলে রাখা হয় ও সাতটি গাড়ি আটকে রাখা হয়। বাসযাত্রী ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মাহবুবুল হক জানান, বর্তমানে লোকাল বাসগুলো ফরিদপুরের কামারখালী বাসস্ট্যান্ড পর্যন্ত যাচ্ছে। পরে যাত্রীদের প্রায় পাঁচ কিলোমিটার পথে রিকশাভ্যানে করে গড়াই সেতু পার হয়ে মাগুরার ওয়াপদায় গিয়ে পুনরায় মাগুরার বাসে উঠতে হচ্ছে। এর ফলে যাত্রীদের ২০ থেকে ৫০ টাকা বেশি খরচসহ পদে পদে দুর্ভোগ পোহাতে হচ্ছে।মাগুরা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি এমদাদুর রহমান জানান, ঈদের আগে যাত্রীদের বাড়তি চাপ হওয়ায় মাগুরা মালিক সমিতি ঢাকার যাত্রীদের জন্য রাজবাড়ীর দৌলতদিয়া পর্যন্ত বাস চলাচল শুরু করে। কিন্তু ফরিদপুর বাসমালিক গ্রুপ তাতে বাধা দেওয়ায় সেটি কার্যকর হয়নি। মাগুরা বাসমালিক সমিতির সাধারণ সম্পাদক ইসহাক মল্লিক জানান, ঈদের সময় প্রতিবছরই মাগুরা থেকে দৌলতদিয়া পর্যন্ত গাড়ি চলে। এ বছর ফরিদপুর বাধা দেয়। তারা শ্রমিকদের মারধর করেছে এবং কামারখালীতে বসে প্রতিনিয়ত চাঁদাবাজি করছে।তবে ফরিদপুর বাসমালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, ফরিদপুর মালিক সমিতি চাঁদাবাজি করে এ অভিযোগ সত্য নয়। প্রতিবছর ঈদের আগে মাগুরা থেকে দৌলতদিয়া পর্যন্ত বাস চালানোর দাবিও ঠিক নয়।এদিকে ১০ সেপ্টেম্বর দুপুরে ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ড-সংলগ্ন পৌর মিলনায়তনে দক্ষিণ-পশ্চিমাঞ্চল মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। এতে ওই অঞ্চলের ১০টি জেলার শতাধিক পরিবহন মালিক ও শ্রমিকেরা অংশ নেন। সভায় ২০ সেপ্টেম্বরের মধ্যে মাগুরা বাসমালিক গ্রুপের সভাপতি সাঈদ মীরকে তাঁর পদ থেকে অপসারণের জন্য ফেডারেশনের কাছে দাবি জানানো হয়। অন্যথায় আগামী ২১ সেপ্টেম্বর থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হবে।এটাকে ‘চোরের মার বড় গলা’ মন্তব্য করে মাগুরা বাসমালিক গ্রুপের সভাপতি সাঈদ মীর বলেন, ‘ফরিদপুর সমিতি কামারখালী ও বিসমিল্লাহ শাহ দরগার কাছে চাঁদাবাজি করে। তিনি বলেন, ‘দক্ষিণ-পশ্চিমাঞ্চল তো আর ওদের (ফরিদপুরের) কেনা না যে, ওরা আমেরিকা সাইজা বাইসা থাইকা যা অর্ডার দেবে সেভাবে কাজ হবে। আমি এ হুমকিতে ভীত নই ও আমার ভবিষ ৎ নিয়েও শঙ্কিত নই।’