
রাজধানীসহ সারা দেশে হরতালে যানবাহনে অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ১৮টি ঘটনায় পাঁচজন নিহত ও ২৮ জন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে গতকাল রোববার পর্যন্ত ১৯ জন ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন।
গত ২৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বরের মধ্যে ঘটে যাওয়া এই ১৮ ঘটনায় ১৪টি মামলা হয়েছে। এই ১৪ মামলায় ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাসহ বিএনপি-জামায়াত এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্তত ৩৭২ জনকে আসামি করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন ২২ জন। এই হামলাগুলো ঘটেছে রাজধানী ও এর বাইরের ১৩টি থানা এলাকায়। ওই সব থানায় যোগাযোগ করে এই তথ্যগুলো পাওয়া গেছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে শুধু একজনই আছেন, যিনি একটি ঘটনায় অগ্নিসংযোগের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। বাকিদের ইন্ধনদাতা, পরিকল্পনাকারী ও হুকুমদাতা হিসেবে মামলার আসামি ও গ্রেপ্তার করা হয়েছে।
তবে এসব মামলায় রাজনৈতিক নেতাদের আসামি করায় বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন হতাহত ব্যক্তিদের স্বজনেরা। শুধু তা-ই নয়, একটি ঘটনায় বাদী মামলা ও মামলার আসামির ব্যাপারে কিছুই জানেন না।
স্বজনেরা বলছেন, সরকার বদল হলেই যথারীতি ‘রাজনৈতিক মামলা’ হিসেবে এগুলো প্রত্যাহার করা হবে। প্রত্যাহার না হলেও ‘রাজনৈতিক কারণে’ এগুলোর কোনো তদন্ত হবে না, দীর্ঘদিন ঝুলে থাকবে। যেমনটি হয়েছিল ২০০৪ সালে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের ডাকা হরতালে শেরাটন হোটেলের (বর্তমানে রূপসী বাংলা) সামনে দোতলা বাসে অগ্নিসংযোগের ক্ষেত্রে। ওই ঘটনায় ১১ জন মারা যান। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ওই মামলা আংশিক প্রত্যাহার করা হয়। বাকি অংশের বিচার কার্যক্রম এখনো চলছে।
উল্লিখিত সময়ে ককটেল হামলার ঘটনায় আহত হয়েছে আরও ৪৩ জন।
মামলা ও আসামি সম্পর্কে জানেন না বাদী: ১২ নভেম্বর বেলা দুইটার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগে একটি যাত্রীবাহী বাসে আগুন দিলে নয়জন দগ্ধ হন। ওই ঘটনায় সাবেক মেয়র সাদেক হোসেনসহ ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও দু-একজনকে আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা করা হয়। তবে গতকাল পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার গতকাল প্রথম আলোকে বলেন, বাসের মালিক নেকবর আলী বাদী হয়ে মামলাটি করেছেন। তিনি যাঁদের নামে মামলা করেছেন, তাঁদের সম্পৃক্ততা কতটুকু, তা তদন্ত করে দেখা হবে।
যোগাযোগ করা হলে নেকবর আলী প্রথম আলোকে বলেন, থানা থেকে বাস ছাড়িয়ে আনার সময় পুলিশ সাদা কাগজে তাঁর কাছ থেকে স্বাক্ষর নেয়। এখন মামলা হয়েছে কি না, আসামি কারা—সে সম্পর্কে তিনি কিছুই জানেন না।
দুই মামলার বাদী ও আসামি একই: ৩ নভেম্বর রাতে গাজীপুর চৌরাস্তায় কাভার্ড ভ্যানে দেওয়া হরতালকারীদের আগুনে পুড়ে যায় চালক রোকনুজ্জামানের শরীর। প্রায় একই সময়ে ১০০ মিটার দূরে গাজীপুরের জয়দেবপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় দাদি রহিমা বেগম ও তাঁর নয় বছরের নাতনি মোছাম্মৎ সুমি দগ্ধ হয়। এ দুই ঘটনায় হওয়া মামলার বাদী ও আসামি একই।
গাজীপুর প্রতিনিধি জানান, এই দুই মামলার বাদী জয়দেবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শাহীন। প্রতিটি মামলায় বিএনপি-জামায়াত ও এর অঙ্গসংগঠনের ৫৮ জনকে আসামি করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি।
তিন মামলার আসামি খোকা: পুলিশ জানায়, ১২ নভেম্বর যাত্রীবাহী বাসে আগুনের ঘটনায়ই শুধু সাবেক মেয়র সাদেক হোসেন আসামি নন, আরও দুটি মামলায়ও তাঁকে আসামি করা হয়েছে। ১০ নভেম্বর রাতে সূত্রাপুর থানার লক্ষ্মীবাজারে লেগুনায় পেট্রলবোমা হামলায় নয়জন দগ্ধ হন। ওই ঘটনায় সূত্রাপুর থানায় দায়ের করা মামলায়ও সাদেক হোসেনসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
২৬ অক্টোবর সন্ধ্যায় মোহাম্মদপুর বেড়িবাঁধে বাসে অগ্নিসংযোগে দগ্ধ হন নাসিমা বেগম নামের একজন পোশাককর্মী। গতকাল তিনি মারা যান। এ ক্ষেত্রেও সাদেক হোসেনসহ ৩০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলাটির তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই তোফাজ্জল হোসেন প্রথম আলোকে বলেন, অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিরা ইন্ধনদাতা। নাসিমা মারা যাওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।
আর সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, লক্ষ্মীবাজারে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ওই তিনজন জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মনিরের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার ১২: গাজীপুর প্রতিনিধি জানান, ৪ নভেম্বর গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কাভার্ড ভ্যানে দেওয়া হরতালকারীদের আগুনে পুড়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে তিন দিন চিকিৎসাধীন থাকার পর মারা যায় ওই গাড়ির চালক রমজান আলীর কিশোর ছেলে মনির হোসেন। ওই দিন এ ঘটনায় বিএনপি-জামায়াত ও এর অঙ্গসংগঠনের ৫৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা করেন জয়দেবপুর থানার এসআই হাফিজুর রহমান। মনিরের মৃত্যুর পর তা হত্যা মামলায় রূপান্তর হয়। এই মামলায় ১২ জন গ্রেপ্তার হয়েছেন।
৩ নভেম্বর রাতে সাভার ক্যান্টনমেন্টসংলগ্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা হামলার ঘটনায় নিহত হন মোস্তাফিজুর রহমান। আহত হন চালক আসাদুল গাজী ও হাসু আহমেদ। নিহত মোস্তাফিজুরের স্ত্রী বীণা সুলতানা বাদী হয়ে আশুলিয়া থানায় ৩০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মুজিবুল ও রানা নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাঁদের পেশা সম্পর্কে তিনি ওয়াকিবহাল নন। মামলায় নাম উল্লেখ করা ৩০ জনের পেশা সম্পর্কেও তিনি কিছু জানেন না।
চার ঘটনায় মামলা নেই: অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার ঘটনাগুলো পর্যালোচনা করে দেখা গেছে, ১৪টি মামলার মধ্যে নয়টি মামলার বাদী হয়েছে পুলিশ। কিন্তু চারটি ঘটনায় কোনো মামলা করেনি পুলিশ।
২৭ অক্টোবর রাতে শাহজাহানপুর এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় পেট্রলবোমা হামলায় গুরুতর দগ্ধ হন চালক আইয়ুব আলী। এ ঘটনায় কোনো মামলা হয়নি।
জানতে চাইলে শাহজাহানপুর থানার ওসি জিয়াউজ্জামান প্রথম আলোকে বলেন, ‘দগ্ধ ব্যক্তি ও অটোরিকশার মালিককে যোগাযোগ করে মামলা করতে বলেছি। তারা করেনি।’ এসব ঘটনায় পুলিশও তো বাদী হয়—জবাবে ওসি বলেন, ‘আমরা একটা সাধারণ ডায়েরি করেছি।’
১০ নভেম্বর রাতে মোটরসাইকেলে হরতালকারীদের অগ্নিসংযোগের সময় দগ্ধ হওয়া চালক আবদুল হাইয়ের ব্যাপারেও সেখানকার পুলিশ প্রায় একই বক্তব্য দিয়েছে। রংপুরের নিজস্ব প্রতিবেদক জানান, মামলা না করার বিষয়ে জানতে চাইলে রংপুরের কোতোয়ালি থানার ওসি সাহাবুদ্দিন খলিফা বলেছেন, ঘটনার শিকার আবদুল হাই থানায় কোনো অভিযোগ দেননি।
৯ নভেম্বর রাতে শাহবাগে শিশুপার্কের সামনে বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ হন আবদুর রাজ্জাক নামের একজন। একই দিন ধানমন্ডির ১০ নম্বর এলাকায় পিকআপ ভ্যানে আগুন দিলে দগ্ধ হন চালক সাবু আক্তার নামের একজন। এই দুটি ঘটনায়ও কোনো মামলা হয়নি।
জানতে চাইলে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তাই মামলা হয়নি। আর ধানমন্ডি থানার কর্তব্যরত কর্মকর্তা এএসআই নজরুল ইসলাম বলেন, ধানমন্ডির ১০ নম্বরের কোনো ঘটনা তাঁদের জানা নেই।