সরকারের ৪৯টি মন্ত্রণালয়, বিভাগ বা এর অধীনের প্রতিষ্ঠানের ১৮ হাজার কর্মচারীর চাকরি অনিশ্চিত হয়ে পড়েছে। এসব কর্মচারী ১৯৮৬ সাল বা তারও আগে থেকে কর্মরত আছেন। সময় সময় অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থোক বাজেট থেকে এসব কর্মচারীর বেতন-ভাতা দিত।সংস্থাপন মন্ত্রণালয় জানায়, এসব কর্মচারীকে নিয়মিত করতে প্রায় সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে প্রস্তাব পাঠানো হয়। কিন্তু বাস্তবে দেখা যায়, ওই সব প্রতিষ্ঠান নিয়ম-নীতি না মেনে নিয়োগ দেওয়াসহ নানাভাবে অনিয়ম করায় এসব কর্মচারী নিয়মিত হতে পারেননি।সূত্র জানায়, আলোচ্য কর্মচারীদের সবাই তৃতীয় ও চতুর্থ শ্রেণীর। ’৮৬ সালে বা তার আগে ও পরে এসব কর্মচারীকে বিশেষ কাজের জন্য নির্ধারিত সময়ের জন্য এবং বিবিধ কাজের জন্য যখন প্রয়োজন, তখন নিয়োগ দেওয়া হয়। কিন্তু এসব নিয়োগের আগে বা পরে নিয়মকানুন যথার্থভাবে অনুসরণ করা হয়নি। তাই এখন তাঁদের নিয়োগ স্থায়ী করার সুযোগ নেই।সংস্থাপন মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, মূলত যখন খুশি কাউকে নিয়োগ দেওয়া বা বাদ দিয়ে নতুন করে নিয়োগ দেওয়ার সুযোগ রাখার জন্য দীর্ঘদিন থেকে বিভিন্ন প্রতিষ্ঠান এ ব্যবস্থা চালু রেখেছে। এর মধ্যে এক ধরনের নিয়োগ-দুর্নীতিও থাকতে পারে। ফলে তাঁরা নিয়মকানুন না মেনে অথবা ইচ্ছাকৃত উপেক্ষা করে এসব কাজ করে আসছে।৪৯টি মন্ত্রণালয় ও বিভাগ বা এর অধীনের প্রতিষ্ঠানে অনিয়মিত কর্মচারী ছিল নয় হাজার ৬১৫ জন, কিন্তু নিয়মিত করা হয়েছে ৫০ শতাংশের বেশি, ছয় হাজার ৩৩৩। আবার চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিল ১২ হাজার ৩৮২ জন। কিন্তু স্থায়ী করা হয়েছে সাত হাজার সাতজন।সূত্র জানায়, অসৎ উদ্দেশে অবৈধ অর্থ উপার্জনের মাধ্যমে এ নিয়ম ভঙ্গ করা হয়েছে। আর এ কারণে তৃতীয় শ্রেণীর তিন হাজার ২৯৭ জন এবং চতুর্থ শ্রেণীর আট হাজার ২৫৫ জনকে স্থায়ী করার সুযোগ নেই। অপরদিকে ’৯০ সালের ২০ ফেরুয়ারি আরেকটি আদেশ বলে ৫০ শতাংশের স্থলে ১০০ ভাগ নিয়মিত করার সুযোগ দেওয়া হয়। এতে অনেকে সুযোগ পেলেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অনিয়মের কারণে ’৮৬ সালের আদেশ অনুযায়ী নিয়মিত হতে পারেননি।জানতে চাইলে সংস্থাপন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দায়িত্বে নিয়োজিত যুগ্ম সচিব লূৎফর রহমান (সংগঠন ও ব্যবস্থাপনা) বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়ার্কচার্ড হিসেবে নিয়োগ পাওয়া এসব কর্মচারীকে ’৮৬ সালের আদেশ না মেনে ’৯০ সালের আগে কন্টিনজেন্ট কর্মচারী হিসেবে নিয়োগ দিয়েছে, যা সম্পূর্ণ বেআইনি।জানা যায়, কন্টিনজেন্ট কর্মচারী হিসেবে নিয়োগ না দিলে এসব কর্মচারী ’৯০ সালের আদেশ অনুযায়ী নিয়মিত হতে পারতেন। এ রকম অনিয়মিত নিয়োগের পেছনের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন সংস্থাপন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।