বরিশাল বিভাগের ছয় জেলার সরকারি হাসপাতালগুলোতে চলছে চিকিৎসক-সংকট। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। সার্জারি ও অবেদনবিদসহ কনিষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক-সংকটের কারণে অনেক হাসপাতালে অস্ত্রোপচারও বন্ধ রয়েছে। এই বিভাগের প্রায় ১ কোটি মানুষের মধ্যে প্রতি ১৮ হাজারের জন্য আছেন মাত্র একজন চিকিৎসক।
বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বরিশালের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাসপাতালে ১ হাজার ৬১ চিকিৎসকের পদ আছে। কিন্তু কর্মরত আছেন ৫৫৪ জন। এর মধ্যে ২৮৫ জনই সদ্য নিয়োগপ্রাপ্ত (৩৩তম বিসিএস)। দীর্ঘদিন ধরে ৫০৭টি পদই শূন্য রয়েছে। শূন্য পদে জ্যেষ্ঠ ও কনিষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসকের পদও রয়েছে। বিশেষ করে অবেদনবিদ, অস্ত্রোপচার (সার্জারি), গাইনিসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অনেক হাসপাতালে অস্ত্রোপচার বন্ধ রয়েছে।
স্বাস্থ্য বিভাগের বরিশাল বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, ছয় জেলায় দুটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসহ পাঁচটি জেলা সদর হাসপাতাল, ৪০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৭০টি উপস্বাস্থ্য কেন্দ্র ও ২৬৬টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এসব প্রতিষ্ঠানে ১ হাজার ৬১ চিকিৎসকের পদের বিপরীতে ৫০৭টিই শূন্য রয়েছে। এ অনুযায়ী, ১৮ হাজার মানুষের জন্য মাত্র একজন চিকিৎসক রয়েছেন।
চিকিৎসকের সংকট সবচেয়ে বেশি বরগুনা জেলায়। এখানে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালসহ ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৪৩টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ১৪১ জন চিকিৎসকের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র ৪৬ জন। শূন্য আছে ৯৫ জন চিকিৎসকের পদ। আবার বর্তমানে কর্মরত ৪৬ জন চিকিৎসকের মধ্যে ১৮ জনই নতুন নিয়োগপ্রাপ্ত। এ ছাড়া ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতালে মাত্র সাতজন চিকিৎসক রয়েছেন।
এ ছাড়া পটুয়াখালী জেলায় ২২৯ পদে চিকিৎসক রয়েছেন ১১১ জন। কর্মরত ১১১ জনের মধ্যে ৫১ জনই নতুন নিয়োগপ্রাপ্ত। ভোলা জেলায় ২০০ পদের মধ্যে কর্মরত আছেন ১০১ জন। এর মধ্যে ৫৬ জনই নবীন। পিরোজপুরে ১৬৬ পদের মধ্যে ৮৪ জন চিকিৎসক কর্মরত আছেন। কর্মরত চিকিৎসকদের মধ্যে ৪৮ জনই নবীন চিকিৎসক। এ ছাড়া বরিশাল জেলায় ২২৬ চিকিৎসকের বিপরীতে রয়েছেন ১৫৮ জন। এ ছাড়া বরিশাল বিভাগের প্রধান চিকিৎসাকেন্দ্র শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ২২২ জন চিকিৎসকের মধ্যে ৮৪টি পদই শূন্য রয়েছে।
জানতে চাইলে বরগুনার সিভিল সার্জন রুস্তুম আলী প্রথম আলোকে বলেন, ‘মাত্র ৪৬ জন চিকিৎসক দিয়ে বরগুনা জেনারেল হাসপাতাল, পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ৪২টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র চালাতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে জেনারেল হাসপাতালে ২১ জন চিকিৎসকের স্থলে মাত্র ৭ জন চিকিৎসক দিয়ে প্রতিদিন ৬০০-৭০০ রোগীকে চিকিৎসা দিতে হচ্ছে। আমরা প্রতি মাসেই লিখিতভাবে এসব বিষয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাচ্ছি, কিন্তু ফল পাচ্ছি না।’
স্বাস্থ্য বিভাগের বরিশাল বিভাগীয় পরিচালক বিনয় কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘চিকিৎসক-সংকটের বিষয়টি এখন এতটাই তীব্র যে হাসপাতালগুলোতে সেবা দেওয়া দুঃসাধ্য হয়ে পড়ছে। আমি বিষয়টি লিখিতভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। শিগগিরই এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তাঁরা।’ তিনি আরও বলেন, প্রায় প্রতিটি জেলা ও উপজেলা হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ানো হয়েছে, কিন্তু সে অনুযায়ী চিকিৎসকের পদ বাড়ানো হয়নি। এমনকি পুরোনো পদায়ন অনুযায়ীও কোনো হাসপাতালে চিকিৎসক নেই। এ কারণে সংকট আরও তীব্র হয়েছে। এ ছাড়া সার্জারি ও অবেদনবিদসহ কনিষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক-সংকটের কারণে অনেক হাসপাতালে অস্ত্রোপচারও বন্ধ রয়েছে।