১৮ হাজার শিক্ষার্থী চলাচলের সড়কের এমন দশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালের জুনে সড়কটি সংস্কার করা হয়। মাস দুয়েক পর ওই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যায়। আর তিন মাসের মাথায় সড়কে খানাখন্দের সৃষ্টি হয়। এর পর থেকে ওই সড়কে একটু বৃষ্টি হলেই হাঁটুপানি জমে যায়। ওই পানি আর নামে না।সড়কটির দুই পাশে কোনো নালা নেই। সড়কের আশপাশের বাড়িঘর উঁচুতে। তাই সব পানি সড়কে এসে জমা হয়। এই অবস্থা চলতে চলতে পাকা সড়কের অস্তিত্বই বিলীন হয়ে যাচ্ছে। এখন এ সড়ক দিয়ে হাঁটাচলা করাই দায় হয়ে পড়েছে। তার পরও ঝুঁকি নিয়ে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী যানবাহনে চলাচল করছেন। কুমিল্লা শহরতলির ধর্মপুর রেলক্রসিং থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ পর্যন্ত সড়কটি এক কিলোমিটার দীর্ঘ। একমাত্র এ সড়ক দিয়ে ১৮ হাজার শিক্ষার্থী কলেজে যাতায়াত করেন।কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাহিদা আক্তার জানান, বর্ষা মৌসুমে ওই সড়ক জলমগ্ন ও কাদায় ভরা থাকে। তখন গর্তের মধ্য দিয়ে ঠিকমতো রিকশাও যেতে পারে না। কলেজের অধ্যক্ষ এম এম শফিউদ্দিন বলেন, সড়কটি সংস্কার ও মেরামতের জন্য সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। দ্রুত সড়কের সংস্কার দরকার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, কুমিল্লার নির্বাহী প্রকৌশলী হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ‘ওই সড়কে নালা করা ছাড়া কোনো উপায় নেই। এ ধরনের একটি প্রস্তাব আমরা অধিদপ্তরে পাঠাব। সেখান থেকে অনুমোদন ও বরাদ্দ পেলে কাজ শুরু হবে।’