১৮ হাজার হেক্টরের ফসল ক্ষতি, বিপর্যস্ত বিদ্যুৎ-ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর, তাড়াশ, শাহজাদপুর, কাজীপুর, উল্লাপাড়া ও কামারখন্দ এবং বগুড়ার শেরপুর উপজেলার ওপর দিয়ে গত বুধবার রাতে শিলাবৃষ্টিসহ কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে অসংখ্য গাছপালা, ঘরবাড়ি ও প্রায় ১৮ হাজার হেক্টর জমির উঠতি বোরো ধানের ক্ষতি হয়েছে।
বিদ্যুতের খুঁটি ভেঙে সিরাজগঞ্জের ছয় উপজেলার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
সিরাজগঞ্জ জেলা ও সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার রাত ১০টার দিকে কালবৈশাখী ঝড় শুরু হয়। ছয়টি উপজেলার ওপর দিয়ে এ ঝড় বয়ে যাওয়ার সময় অসংখ্য গাছপালা উপড়ে পড়ে ও বাড়িঘরের টিনের চাল উড়ে যায়। এসব এলাকায় সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ৫১টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। এতে উপজেলাগুলোর প্রায় ৯৫ ভাগ এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত জেলা সদর ও পৌর শহর ছাড়া ৯০ ভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হয়নি।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, ঝড় ও শিলাবৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলার প্রায় ১৫ হাজার হেক্টর উঠতি বোরো ধানের ক্ষতি হয়েছে। সংশ্লিষ্ট এলাকার কৃষি কর্মকর্তাদের ফসলের ক্ষয়ক্ষতিসম্পর্কিত তালিকা বানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, এ পর্যন্ত তিন শতাধিক কাঁচা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক তুষারকান্তি দেবনাথ বলেন, গত এক সপ্তাহে বিভিন্ন সময়ে জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এতে ভেঙে পড়া খুঁটি ও ছিঁড়ে যাওয়া তার মেরামতের কাজ চলছে।
এদিকে শেরপুরে রাত নয়টার দিকে শিলাবৃষ্টিসহ ঝড় আঘাত হানে। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রহিম বলেন, শিলাবৃষ্টিতে ৩ হাজার ১০০ হেক্টর বোরো খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপজেলার সুঘাট, গাড়িদহ, খামারকান্দি ও খানপুর ইউনিয়নে। শুধু সুঘাট ইউনিয়নেই শতকরা ৩০ ভাগ ধান ক্ষতিগ্রস্ত হয়।
সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন, শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া ইউনিয়নের কমপক্ষে ৩০০ বাড়ির টিনের চাল ছিদ্র হয়ে গেছে।
খানপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য আমজাদ হোসেন বলেন, তাঁর ইউনিয়নের ২৯টি গ্রামের কমপক্ষে ৪০০ বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল এ ইউনিয়নের খানপুর গ্রামের দুখা মণ্ডল (৬০) বলেন, ‘খই ফুটার মতো ঘরের টিনেত শিল পড়িছে।’
উপজেলার ভাটরা গ্রামের চাষি বুলু শেখ বলেন, শিলের আঘাতে তাঁর দুই বিঘা খেতের ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে তিনি বিঘাপ্রতি কমপক্ষে পাঁচ মণ করে ধান কম পাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সরোয়ার জাহান বলেন, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ঘরের সঠিক পরিসংখ্যান তৈরি করে তাঁর দপ্তরে পাঠাতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের বলা হয়েছে।