১৮টি এক্স-রে মেশিন নষ্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ১৬টি সরকারি হাসপাতালের ২৪টি এক্স-রে মেশিনের মধ্যে ১৮টিই নষ্ট। এ ছাড়া ১০টি হাসপাতালের অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে পড়ে আছে। এ অবস্থায় জেলার শত শত রোগী কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, কুমিল্লার ১৬টি সরকারি হাসপাতালের ২৪টি এক্স-রে মেশিনের ১৮টিই নষ্ট। এর মধ্যে কুমিল্লা জেনারেল হাসপাতাল, নাঙ্গলকোট, মুরাদনগর, বরুড়া, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি করে এবং তিতাস, ব্রাহ্মণপাড়া, চৌদ্দগ্রাম, লাকসাম, দেবীদ্বার, হোমনা, বুড়িচং ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি করে এক্স-রে মেশিন নষ্ট রয়েছে। সদর দক্ষিণ ও মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো কোনো যন্ত্রপাতি সরবরাহ করা হয়নি। এ ছাড়া জেলার ২৪টি অ্যাম্বুলেন্সের মধ্যে ১০টিই নষ্ট হয়ে পড়ে আছে। মেঘনা, মনোহরগঞ্জ ও সদর দক্ষিণ উপজেলায় কোনো অ্যাম্বুলেন্স নেই। হাসপাতালগুলোর ২০টি জেনারেটরের মধ্যে ১৫টি অকেজো হয়ে পড়ে আছে।
বরুড়া উপজেলার আড্ডা গ্রামের বাসিন্দা গোলাম মোস্তফা বলেন, সরকারি হাসপাতালের এক্স-রে মেশিন নষ্ট থাকার কারণে আমাকে ৮০ টাকার এক্স-রে বেসরকারি হাসপাতাল থেকে ২৫০ টাকায় করাতে হয়েছে।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, গরিব মানুষের চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে পর্যাপ্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা দরকার। বিএমএর পক্ষ থেকে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সিভিল সার্জন মো. মুজিবুর রহমান বলেন, এক্স-রে মেশিন, অ্যাম্বুলেন্স ও জেনারেটর নষ্টের বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। জেনারেটরের জন্য পর্যাপ্ত তেল বরাদ্দ না থাকায় এগুলো ব্যবহার করা হয়নি। দীর্ঘদিন পড়ে থাকার কারণে সেগুলো অচল হয়ে পড়েছে।