১৮টি ট্রলারে লুটপাটের পর ৩৩ জেলেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে ১৮টি মাছধরা ট্রলারের একটি বহরে লুটপাট চালিয়ে একটি ট্রলারসহ ৩৩ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যুরা। এ সময় তারা প্রায় ২৫ লাখ টাকার মাছসহ অন্যান্য সরঞ্জাম লুট করে। গত শুক্রবার দিবাগত রাতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জসংলগ্ন বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়ার এলাকায় এ ঘটনা ঘটে।গতকাল শনিবার দুপুরে ফিরে আসা আবদুস সালামসহ কয়েকজন জেলে জানান, রাত ১০টার দিকে তাঁদের ট্রলারের বহরটি ওই এলাকায় মাছ ধরছিল। এ সময় একটি বড় ট্রলারে করে ৩০-৩৫ জন সশস্ত্র জলদস্যু বহরের সবগুলো ট্রলারে লুটপাট চালায়। পরে জলদস্যুরা ৩৩ জন জেলেসহ এফবি বালিপাড়া ট্রলারটি অপহরণ করে নিয়ে যায়। অপহূত জেলেদের বাড়ি পিরোজপুরের জিয়ানগর ও বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে। জেলেরা জানান, ডাকাতির সময় জেলেরা নিজেদের রাজু বাহিনীর সদস্য বলে পরিচয় দেয়। তারা অপহূত জেলেদের জনপ্রতি এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পাথরঘাটা উপজেলা ট্রলার-মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এ ব্যাপারে কোস্টগার্ডের পাথরঘাটা ঘাঁটির কমান্ডার লে. জহিরুল হক জানান, ঘটনাটি তিনি শুনেছেন। কোস্টগার্ডের পশ্চিম জোনের সহায়তায় অপহূত জেলেদের উদ্ধারের চেষ্টা চলছে।