১৮টি পৌরসভায় পুনর্নির্বাচন দাবি করেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলার সবগুলো (মোট ১৪টি), চাঁদপুরের তিনটি ও চট্টগ্রামের সন্দ্বীপ—এই ১৮টি পৌরসভায় পুনর্নির্বাচন দাবি করেছে বিএনপি। দলটি অভিযোগ করেছে, এসব পৌরসভায় সরকারি দলের সমর্থক মেয়র পদপ্রার্থীরা ভোটকেন্দ্র দখল করে বিএনপি-সমর্থিত প্রার্থীদের এজেন্টদের বের করে দিয়েছেন। সরকারি দলের সমর্থকেরা ভোটারদের আসতে না দিয়ে জাল ভোট দিয়েছেন।গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওই ১৮ পৌরসভায় পুনর্নির্বাচনের দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রশাসনকে চাপ দিয়ে নির্বাচনের ফলাফল তাঁদের পক্ষে নিয়ে যেতে চাইছেন। তিনি আজ বুধবার বৃহত্তর নোয়াখালীতে স্থানীয় বিএনপির ডাকা হরতালে কেন্দ্রের সমর্থনের কথা জানান। সংবাদ সম্মেলনে বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন।বিএনপি কেন্দ্রীয়ভাবে চাঁদপুরের তিন পৌরসভা ফরিদগঞ্জ, ছেঙ্গারচর ও কচুয়ায় পুনর্নির্বাচন দাবি করলেও চাঁদপুর জেলা বিএনপি কেবল ছেঙ্গারচরে পুনর্নির্বাচন দাবি করেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা ছেঙ্গারচর পৌরসভায় পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছি। অন্য কোনো পৌরসভার নির্বাচন নিয়ে আমাদের আপত্তি নেই। অন্য পৌরসভায় শান্তিপূর্ণ ভোট হয়েছে।’এম কে আনোয়ার বলেন, নির্বাচনের এসব অনিয়মের বিষয়ে অভিযোগ জানাতে বিএনপির একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়েছিল। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার তাঁদের সঙ্গে দেখা করতে রাজি হননি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাঁর মানে, বৃহত্তর নোয়াখালী ও চাঁদপুরে সরকারি দলের এই তাণ্ডবের সঙ্গে নির্বাচন কমিশনের হাত আছে।জানতে চাইলে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন সাংবাদিকদের বলেন, ভোটের দিন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা সর্বময় ক্ষমতার মালিক। অভিযোগ তাঁদের কাছে জানাতে হবে। নির্দলীয় নির্বাচনে দলীয়ভাবে কমিশনে অভিযোগ জানানোর সুযোগ নেই। তবু বিএনপির অভিযোগ যাচাই করে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, যেখানে নির্বাচন স্থগিত করা হয়েছে, সেখানে তদন্ত শেষে তফসিল ঘোষণা করা হবে।এম কে আনোয়ার অভিযোগ করেন, নোয়াখালীর কবিরহাট পৌরসভার সব কেন্দ্র, চাটখিলের পাঁচটি, লক্ষ্মীপুর পৌরসভার সব, রামগতির একটি, ফেনী ও পরশুরামের সব, চট্টগ্রামের সন্দ্বীপের কয়েকটি, চাঁদপুরের ফরিদগঞ্জের দুটি, কচুয়ার পাঁচটি, ছেঙ্গারচরের কয়েকটি কেন্দ্রে সরকারি দলের সমর্থক মেয়র পদপ্রার্থীর ক্যাডাররা হামলা করে দখল করে নিয়েছিল। তারা বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীদের এজেন্ট, ভোটকেন্দ্রের বাইরে বিএনপির কর্মী-সমর্থক ও সাধারণ ভোটারদের তাড়িয়ে দিয়ে জাল ভোট দিয়েছে। এসব নিয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।এম কে আনোয়ার বলেন, আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা ফরিদপুরের দুটি পৌরসভায় বিএনপি-সমর্থিত প্রার্থী জিতে যাওয়াতেই আওয়ামী লীগ ফেনীকে লক্ষ্যভুক্ত করেছে। ফেনীর পৌর নির্বাচনে যেনতেনভাবে জিতে তারা ফরিদপুরে হারানো সম্মান ফিরে পেতে চেয়েছে। তিনি অভিযোগ করেন, রামগতি পৌরসভায় আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থীর ছেলে আরজু একটি ভোটকেন্দ্রে হামলা করে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টকে গুলি করেন। স্থানীয় প্রশাসনের কাছে এ ব্যাপারে অভিযোগ করলেও আরজুকে গ্রেপ্তারের কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি।চট্টগ্রামের কয়েকটি পৌরসভার নির্বাচন নিয়েও অভিযোগ করেন এম কে আনোয়ার। তিনি অভিযোগ করেন, বাঁশখালীতে তিনটি কেন্দ্রে জাল ভোট দেওয়া হয়েছে। বারইয়ারহাটে একটি কেন্দ্র দখল করা হয়েছে। রাঙ্গুনিয়ায় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের মদদে ৬ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্র থেকে বিএনপি-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। চন্দনাইশের দুটি কেন্দ্রেও একই ঘটনা ঘটেছে। এ ছাড়া সাতকানিয়ায় চারটি, পটিয়ায় একটি কেন্দ্রে বহিরাগতরা হামলা চালিয়েছে।প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে সংযুক্ত আরব আমিরাতে থাকায় এ অভিযোগ সম্পর্কে তাঁর বক্তব্য নেওয়া যায়নি।