১৮টি বেড়া অপসারণ, একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের শুকনাছড়া নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকারের সময় অভিযান চালিয়ে ১৮টি বেড়া অপসারণ করা হয়েছে। মৎস্য ও পুলিশ বিভাগের পক্ষ থেকে গতকাল বুধবার এ অভিযান চালানো হয়। দায়িত্বে বাধা দেওয়ায় পুলিশ আফরোজ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে আফরোজসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন। স্থানীয়, মৎস্য বিভাগ ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় কিছু লোক দীর্ঘদিন ধরে শুকনাছড়া নদীতে ৪০-৫০ হাত পর পর বাঁশের বেড়া দিয়ে অবাধে মাছ শিকার করে আসছিল। এতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়ে পড়ে। ফলে কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদী উপচে তীরবর্তী বাড়িঘর এবং ফসলি জমিতে জলাবদ্ধতা দেখা দেয়। পরে স্থানীয়রা বিষয়টি মৎস্য কর্মকর্তাকে জানান।এর পরিপ্রেক্ষিতে উপজেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ গতকাল বুধবার শুকনাছড়া নদীতে অভিযান চালিয়ে নদীর বিভিন্ন স্থানে দেওয়া ১৮টি বেড়া অপসারণ করে। অভিযানের সময় মাছ শিকারের সরঞ্জাম হিসেবে ব্যবহূত শতাধিক ‘চোঙা’ জব্দ করা হয়। সূত্র জানায়, অভিযানকালে কর্মধা ইউনিয়নের পুরশাই গ্রামের আফরোজ আলী নিজেকে কয়েকটি বেড়ার মালিক দাবি করে সেগুলো অপসারণে বাধা দেন। একপর্যায়ে মৎস্য কর্মকর্তার ওপর চড়াও হলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মৎস্য কর্মকর্তা ফনীন্দ্র চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, আফরোজসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে তিনি একটি মামলা দায়ের করেছেন। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আজিজুল ইসলাম মামলার কথা নিশ্চিত করেছেন।