১৮তম সাক্ষী হাজির না হওয়ায় জেরা করা যায়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার ১৮তম সাক্ষী ও মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহির হোসেন হাজির না থাকায় জেরা করা হয়নি। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে জেরার দিন ধার্য ছিল। আদালত আগামী রোববার পরবর্তী দিন ধার্য করেছেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান জানান, আসামি শাহাদাত হোসেন সাজুর পক্ষে তাঁর আইনজীবীর তদন্ত কর্মকর্তাকে জেরার দিন ধার্য থাকলেও সাক্ষী হাজির হতে না পারায় তাঁকে জেরা করা যায়নি।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় মোট ১৮ জনের সাক্ষ্য নিয়েছেন আদালত।