>

দেশের বিভিন্ন জেলায় সড়কগুলো বেহাল হয়ে পড়েছে। কোথাও কোথাও নির্মাণের অল্প দিনের মধ্যেই পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে গর্তের। কোথাও সড়ক ধসে পড়েছে। এসব সড়ক নিয়ে ধারাবাহিক প্রতিবেদন
বগুড়া পৌরসভার ২২৬ কিলোমিটার পাকা সড়কের মধ্যে প্রায় ১৮০ কিলোমিটারই বেহাল। অধিকাংশ সড়কের পিচ, খোয়া, ইট, বালু ও কার্পেটিং ওঠে গিয়ে খানাখন্দ তৈরি হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে।
পৌরসভা সূত্রে জানা যায়, ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত ও ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার আয়তনের এই পৌরসভায় বর্তমানে জনসংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ।
পৌরসভার প্রকৌশল শাখা সূত্রে জানা গেছে, পৌরসভায় প্রায় ৮৫০ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে পাকা সড়ক রয়েছে ২২৬ কিলোমিটার। এর ১৮০ কিলোমিটারই বেহাল।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন সড়কে পিচ, কার্পেটিং ও খোয়া উঠে বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোনো কোনো সড়ক কাদাপানিতে সয়লাব। কোনোটি দিয়ে হাঁটাও ভীষণ কষ্টকর এবং কোনোটি দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে।
শহরের চেলোপাড়া ব্রিজ-সান্দারপট্টি থেকে করিম স মিলসংলগ্ন সারিয়াকান্দি সংযোগ সড়ক পর্যন্ত অংশ কয়েক বছর ধরে বেহাল। সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে সয়লাব হয়ে যায় সড়কটি। চেলোপাড়ার বাসিন্দা শরিফা বেগম বলেন, করিম স মিলসংলগ্ন অংশে একটু বৃষ্টি হলেই কাদায় রিকশার চাকা আটকে যায়। ফলে এ এলাকার লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হয়। শহরের চেলোপাড়া মধুবন সিনেমা হলের সামনে থেকে দ্বিতীয় বাইপাস পর্যন্ত চন্দনবাইশা সড়কে দীর্ঘদিন ধরে অসংখ্য বড় গর্ত তৈরি হয়েছে। বেহাল এই সড়কে প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
অটোরিকশাচালক আবদুল হাকিম বলেন, প্রতিদিন এ সড়কে অনেক অটোরিকশা ও টেম্পো যাত্রী পরিবহন করে। বগুড়া শহরের প্রায় আড়াই কিলোমিটার অংশের অবস্থা বেশি খারাপ। শহরের প্রাণকেন্দ্র সাতমাথাসংলগ্ন শহীদ খোকন পার্ক-হোটেলপট্টি-গালাপট্টি সড়ক এবং রেলস্টেশনের সামনের জুবিলী স্কুল-হাড্ডিপট্টি সড়কে রিকশা চলাচলও দায় হয়ে পড়েছে। প্রায় এক দশক ধরে ইট-কার্পেটিং উঠে বড় গর্ত আর কাদাপানিতে বেহাল নূরানী মোড়-হাকির মোড় পর্যন্ত ট্যানারি সড়ক। শহরের সেউজগাড়ি, কামারগাড়ি, বাদুরতলা, জহুরুলনগর, জামিলনগরসহ বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা এ সড়ক হয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বিয়াম মডেল ল্যাবরেটরিজ স্কুল অ্যান্ড কলেজসহ উপশহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে।
সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে জামিলনগর সড়ক, প্রেসপট্টি সড়ক, চকযাদু সড়ক, বাদুরতলা-নামাজগড় সড়ক, খান্দার-মালগ্রাম-সিলিমপুর সড়ক, সুলতানগঞ্জ হাট-মাদলা সড়ক, পেপসি ফুলতলা সড়ক, জহুরুলনগর-টিটিসি-বিটাক সড়ক, ফুলবাড়ী-শ্মশানঘাট সড়ক, ফুলবাড়ী-বৃন্দাবনপাড়া সড়ক, উপশহর-আটাপাড়া সড়ক ও সুলতানগঞ্জ পাড়া-বেলিভিলা সড়কও বেহাল।
বিভিন্ন এলাকার ১৫ জন বাসিন্দা বলেন, এক দশক আগে শহরের অলিগলি ও পাড়া-মহল্লার রাস্তাঘাটে আধুনিকতার যে ছোঁয়া লেগেছিল, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সেসব সড়ক এখন বেহাল। পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ২০০৬ সালে শহর সম্প্রসারণকালে বর্ধিত অংশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রায় ৬০ কিলোমিটার পাকা সড়ক পৌরসভার আওতায় এলেও এক দশকেও এসব সড়কের কোনো সংস্কার হয়নি।
সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক ফারুক আহম্মেদ বলেন, অধিকাংশ রাস্তাঘাটের করুণ দশা। তা ছাড়া শহরে পরিকল্পিত পয়োনিষ্কাশন (ড্রেনেজ) ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই রাস্তাঘাটে পানি জমে। কাদাপানিতে সয়লাব হচ্ছে রাস্তাঘাট। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। বগুড়া পৌরসভার মেয়র এ কে এম মাহবুবর রহমান বলেন, পৌরসভায় এ বছর উন্নয়ন বরাদ্দ মিলেছে ৬০ লাখ টাকা। এই সামান্য বরাদ্দ দিয়ে রাতারাতি শহরের সব রাস্তাঘাটের সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব নয়।