১৮০ দিনে বিচার: জবাবদিহির বিধান প্রয়োগের প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট
২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা নির্ধারিত ১৮০ দিনের মধ্যে বিচার শেষ না হলে জবাবদিহি সংক্রান্ত আইনটির ৩১ (ক) ধারার কোনো প্রয়োগ আছে কি না ও এর আলোকে অতীতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না তা জানাতে বলেছেন হাইকোর্ট।
এ সব জানিয়ে আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ৩০ দিনের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক আপিলের শুনানিকালে আজ মঙ্গলবার এ আদেশ দেন।
বিচার পদ্ধতি সংক্রান্ত আইনের ২০ ধারা অনুসারে, বিচারের জন্য পাওয়ার তারিখ হতে ১৮০ দিনের মধ্যে ট্রাইব্যুনাল বিচারকার্য সমাপ্ত করবে। তবে ওই আইনে চট্টগ্রামে হওয়া একটি মামলা নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় এক আসামি আপিল করে হাইকোর্টে জামিন আবেদন জানান। এর শুনানিকালে আদালত এ আদেশ দেন।
আবেদনকারী পক্ষে শুনানি করেন আইনজীবী কুমার দেবুল দে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।
আইনের ৩১ (ক) ধারায় ট্রাইব্যুনাল, ইত্যাদির জবাবদিহি বিষয়ে বলা আছে। এই ধারা অনুসারে, ‘কোনো মামলা এই আইনের ২০ ধারা অনুযায়ী ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি না হলে ট্রাইব্যুনাল তার কারণ লিপিবদ্ধ করে একটি প্রতিবেদন ৩০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের নিকট দাখিল করতে হবে। যার একটি অনুলিপি সরকারের নিকটও দাখিল করতে হবে। প্রতিবেদন পর্যালোচনার পর যথাযথ কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি না হওয়ার জন্য দায়ী ব্যক্তি বা ব্যক্তিবর্গের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’
আইনজীবী কুমার দেবুল দে প্রথম আলোকে বলেন, মিলাদ হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগে ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় মামলা হলে সেদিনই তিনি গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি কারাগারে আছেন। ২০১৫ সালের শেষদিকে মামলাটি চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ বিচারের জন্য যায়। গত ২১ মার্চ এই মামলায় অভিযোগ গঠন করা হয়। এখন পর্যন্ত কোনো সাক্ষী আদালতে উপস্থিত হয়নি। নির্ধারিত ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি না হওয়ায় আপিল করে মিলাদের জামিন চাওয়া হয়। শুনানিকালে আইনের ৩১ (ক) ধারার বিষয়টি আদালতের সামনে তুলে ধরি। পরে আদালত ওই ধারার প্রয়োগ আছে কি না, অতীতে এর আলোকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না—তা জানিয়ে আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে প্রতিবেদন দিতে নির্দেশ দেন।