১৮০ পরিচ্ছন্নতাকর্মীকে ফ্ল্যাট দিল সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচ্ছন্নতাকর্মীদের বসবাসের জন্য রাজধানীর হাজারীবাগের গণকটুলীর সিটি কলোনিতে গতকাল শনিবার তিনটি ছয়তলা ভবন ও একটি কমিউনিটি সেন্টারের উদ্বোধন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে এই তিনটি ভবন ও কমিউনিটি সেন্টার নির্মাণ করেছে ডিএসসিসি৷ ভবন তিনটিতে ১৮০টি পরিবার বসবাস করতে পারবে। উদ্বোধনী অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের বরাদ্দ ফ্ল্যাটের প্রতীকী চাবি দেওয়া হয়৷ এ সময় নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে শপথ পাঠ করান ডিএসসিসির মেয়র৷
সাঈদ খোকন বলেন, ‘পরিচ্ছন্নতাকর্মীদের দাবি অনুযায়ী এই তিনটি ভবন ও কমিউনিটি সেন্টার নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতেও তাদের কোনো দাবি থাকলে তা পূরণ করা হবে। কিন্তু তাদের কাছে আমার দাবি পরিচ্ছন্ন নগরী।’
সাঈদ খোকন আরও বলেন, ঢাকা শহরের অন্যতম প্রধান সমস্যা ময়লা-আবর্জনা। চলতি বছর তা দূর করে একটি পরিচ্ছন্ন নগরীতে রূপান্তরিত করতে চায় ডিএসসিসি। সেই লক্ষ্যে ডিএসসিসির কার্যক্রম চলছে।
পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে সাঈদ খোকন বলেন, ‘চলতি বছর থেকে আমি নিজে শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করছি। তা করতে গিয়ে দেখেছি, কিছু পরিচ্ছন্নতাকর্মী ডিএসসিসি থেকে চাকরি নিয়ে অন্য আরেকজনকে কম টাকা দিয়ে নিজের কাজ করাচ্ছেন। কিন্তু এই রীতি বন্ধ করতে হবে। সবাইকে সতর্ক করা হলো। সাবধান হয়ে যান।’
ঢাকা-১০ আসনের সাংসদ শেখ ফজলে নূর তাপস বলেন, শহরের সড়কে ময়লা-আবর্জনা ছড়িয়ে থাকলে ও বাতি না জ্বললে ডিএসসিসিকে গালি শুনতে হয়। অথচ শহরের সবাই তা নোংরা করে থাকে। তাই ডিএসসিসির ‘পরিচ্ছন্নতা বছর-২০১৬’ বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করতে হবে।
শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে সমাবেশে ডিএসসিসির ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. তারিকুল ইসলাম, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান, সংরক্ষিত-৮ নম্বর নারী ওয়ার্ডের কাউন্সিলর আয়শা মোকাররম প্রমুখ বক্তব্য দেন। এ সময় ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দিন, ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ুন কবির, ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সাইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।