১৮০টি আশ্রয়কেন্দ্র ও স্কুল নির্মাণ করছে আইডিবি
নামপ্রকাশে অনিচ্ছুক বিশ্বের জনহিতৈষী ব্যক্তির (ফায়েল খায়ের) দেওয়া আর্থিক সহায়তায় বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে ইসলামিক উন্নয়ন ব্যাংক বা আইডিবি। আগামী বছরের মধ্যে সারা দেশে ১৮০টি আশ্রয়কেন্দ্র ও বিদ্যালয় নির্মাণের কাজ শেষ হবে। ইতিমধ্যে ২৪টির কাজ শেষ হয়েছে।
বাংলাদেশ সফররত আইডিবি গ্রুপের সভাপতি (প্রেসিডেন্ট) আহমেদ মোহাম্মদ আলী এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। আজ সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে আইডিবির সঙ্গে জঙ্গি অর্থায়নের অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে সংস্থাটির সভাপতি তা অস্বীকার করে বলেন, আইডিবি নৈতিক ব্যাংকিং করে। পদ্মা সেতুতে অর্থায়ন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ সফরের আলোচ্যসূচিতে এ বিষয়টি অন্তর্ভুক্ত নয়।
এদিকে, আইডিবি জানিয়েছে, ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের আঘাতের পর নাম প্রকাশে অনিচ্ছুক একজন হিতৈষী ব্যক্তি বাংলাদেশের উপকূলবর্তী এলাকার মানুষের সাহায্যের জন্য ১৩ কোটি মার্কিন ডলার অনুদান দেন। সেই অর্থে বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে একটি প্রকল্প হাতে নেয় আইডিবি। প্রকল্পটির নামকরণ করা হয় ‘জনহিতৈষী ব্যক্তির বা ফায়েল খায়ের কর্মসূচি’। এই কর্মসূচির আওতায় বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্র নির্মাণ এবং সিডর আক্রান্তদের পুনর্বাসন করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কর্মসূচির সমন্বয়ক মোহাম্মদ সালেম ও পরিচালক সুফি মোশতাক আহমেদ।