১৮০০টি মাদ্রাসার উন্নয়নকাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে ১ হাজার ৮০০টি মাদ্রাসার উন্নয়নে একটি বড় প্রকল্পের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল শুক্রবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসায় জঙ্গিবিরোধী এক সমাবেশে তিনি এ তথ্য জানান।
সমাবেশে শিক্ষামন্ত্রী আরও জানান, বর্তমান সরকার দেশের বিভিন্ন মাদ্রাসায় ১ হাজার ৩৩২টি নতুন ভবন করে দিয়েছে। ৩৫টি মাদ্রাসাকে মডেল মাদ্রাসা করা হয়েছে এবং ৩১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে। আলেম-ওলামাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ইসলামিক ইউনিভার্সিটি চালু করা হয়েছে। এ ছাড়া ১ হাজার ৮০০টি মাদ্রাসার উন্নয়নে একটি বড় প্রকল্পের কাজ বাস্তবায়ন চলছে।
ভাদেশ্বর হাফিজিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আবদুস ছালিকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ, কেন্দ্রীয় যুবলীগের মোহাম্মদ আব্বাছউদ্দিন, ভাদেশ্বর উচ্চবিদ্যালয় ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মাছুম চৌধুরী প্রমুখ।