উচ্চশিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ২৭টি বিশ্ববিদ্যালয়ের জন্য ১৮২ কোটি টাকার ৯১টি উপপ্রকল্প অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। কাল বুধবার বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক চুক্তি হবে। ২৫টি সরকারি ও দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এসব প্রকল্প বাস্তবায়ন করবেন।ইউজিসির উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের (হেকেপ) একাডেমিক ইনোভেশন ফান্ডের (এআইএফ) অধীন চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে প্রথম ধাপে এই উপপ্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এগুলোর মাধ্যমে শিক্ষা ও গবেষণা এবং শিক্ষার পরিবেশের মানোন্নয়ন করা হবে। অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর বেশির ভাগই বিশ্ববিদ্যালয়গুলোর বিভাগীয় প্রকল্প প্রস্তাবনা। বিশ্ববিদ্যালয়গুলো এসব প্রকল্প বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে দুই বছর সময় পাবে। এরপর সর্বোচ্চ আরও এক বছর সুযোগ দেওয়া হবে।ইউজিসি সূত্র জানায়, বিশেষ ওই প্রকল্পের (হেকেপ) জন্য ৬৮১ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এর ৮৮ শতাংশ টাকা বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ হিসেবে নেওয়া হয়েছে। বাকি টাকার জোগান দিয়েছে সরকার।গত বছরের ১৪ মে এ প্রকল্পের একাডেমিক ইনোভেশন ফান্ডের (এআইএফ) অধীন বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে প্রকল্প আহ্বান করা হয়। প্রাথমিকভাবে ৭১৫টি প্রকল্প প্রস্তাবনা জমা পড়ে। সেখান থেকে যাচাই-বাছাই শেষে ৯১টি প্রকল্প চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়। এআইএফ মোট ৩৭২ কোটি টাকার তহবিল। আগামী মার্চে এর অধীনে আবারও প্রকল্প প্রস্তাব আহ্বান করা হবে।সূত্র জানায়, প্রথম দফায় সবচেয়ে বেশি টাকার প্রকল্প অনুমোদন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শিক্ষাপ্রতিষ্ঠানটির মোট ২০ কোটি ১৮ লাখ টাকার সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আটটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এগুলোর প্রস্তাবিত ব্যয় ১৫ কোটি ৭৭ লাখ টাকা।এ ছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আটটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয়টি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুটি, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি, খুলনা বিশ্ববিদ্যালয়ের দুটি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিনটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাতটি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাঁচটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চারটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের দুটি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় দুটি করে প্রকল্প পেয়েছে।একটি করে প্রকল্প পেয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেসরকারি আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় তিনটি প্রকল্পের অনুমোদন পেয়েছে।ইউজিসির চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, প্রথম স্তরে যাচাই-বাছাই করে ৯১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। কাল বুধবার এসব প্রকল্পের চুক্তি সই হবে। এরপর বিশ্ববিদ্যালয়গুলোকে টাকা দেওয়া হবে।