১৮৪ প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ২ কর্মকর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সরকারি ও রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় আছে ১৮৪টি। নিয়ম অনুযায়ী, এসব বিদ্যালয় পরিদর্শনের জন্য মিরসরাইতে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (এটিও) পদ রয়েছে নয়টি। কিন্তু মিরসরাইতে এ পদে বর্তমানে তিনজন কর্মরত আছেন।তবে একজন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকায় ওই পদে (এটিও) মূলত দায়িত্ব পালন করছেন দুজন। ফলে ওই দুজন শিক্ষা কর্মকর্তা প্রতিদিন একটি করে বিদ্যালয় পরিদর্শন করলেও সব কটি বিদ্যালয় পরিদর্শন শেষ করতে প্রায় ১৮২ কার্যদিবসের প্রয়োজন।বর্তমানে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো. হারুন উর রশিদ। ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন। সহকারী শিক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করছেন মো. সাব্বির মাহমুদ ও এস এম জাহাঙ্গীর আলম। তাঁরা ২০১০ সালে মিরসরাইতে যোগদান করেন।এ ছাড়া ১৮৪টি বিদ্যালয়ের মধ্যে ৩২টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। শিক্ষা অফিসে অফিস সহকারীর তিনটি পদ থাকলেও এ পদে আছেন একজন। ফলে ওই ৩২টি বিদ্যালয়ে শিক্ষার মান কমে যাচ্ছে।মিরসরাই উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মিরসরাইতে ১৪৫টি সরকারি ও ৩৯টি রেজিস্টার্ড (বেসরকারি) প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে ৫১ হাজার ৩৫৪ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। বিদ্যালয়গুলো পরিদর্শনের জন্য শিক্ষা কর্মকর্তার নয়টি পদ আছে। কিন্তু দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে কর্মরত আছেন মাত্র দুজন কর্মকর্তা। মঘাদিয়া ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদর্শন রায় জানান, সহকারী শিক্ষা কর্মকর্তা না থাকায় সমাপনী পরীক্ষায় (পঞ্চম শ্রেণীর) পাসের হার দিন দিন কমে যাচ্ছে। পড়ালেখার মান খারাপ হচ্ছে।বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মিরসরাই উপজেলা শাখার সভাপতি ও তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনজুর কাদের চৌধুরীও স্বীকার করেছেন, সহকারী শিক্ষা কর্মকর্তার অভাবে বিদ্যালয়গুলোর মনিটরিং ব্যবস্থা জোরদার করা যাচ্ছে না।মিঠাছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন এ প্রসঙ্গে বলেন, ২১৭ জন শিক্ষার্থী এই উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত। ষষ্ঠ শ্রেণীতে যেসব শিক্ষার্থী ভর্তি হয়, তাদের লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। মোট ১৫ জন শিক্ষার্থী সেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। তিনি বলেন, অঙ্ক ও ইংরেজিতে তারা ভীষণ কাঁচা। সঠিকভাবে তদারক না করায় এই অবস্থা হচ্ছে বলে তিনি মনে করেন।মিরসরাই সদর থেকে প্রায় ২৩ কিলোমিটার দূরে প্রত্যন্ত অঞ্চল উপজেলার অলিনগর গ্রামের পশ্চিম অলিনগর মজুমদার সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওই বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. ইউসুফ বলেন, সঠিক তদারকির অভাবে প্রাথমিক বিদ্যালয়ের পড়ালেখার মান কমে যাচ্ছে।মিরসরাইয়ের উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. হারুন উর রশিদ স্বীকার করেন, সহকারী শিক্ষা কর্মকর্তার অভাবে শিক্ষার মান কমে যাচ্ছে। তিনি জানান, মিরসরাইতে মোট আটটি ক্লাস্টার (২০-২৫টি বিদ্যালয় নিয়ে গুচ্ছ করা হয়, একেই ক্লাস্টার বলা হয়) রয়েছে। প্রতিটি ক্লাস্টারের দায়িত্ব পালন করার কথা একজন সহকারী শিক্ষা কর্মকর্তার। সে হিসাব অনুযায়ী, কমপক্ষে আটজন সহকারী শিক্ষা কর্মকর্তা প্রয়োজন। কিন্তু আছেন মাত্র দুজন। অনেকটা জোড়াতালি দিয়ে চালানোর মতো অবস্থা। এর মধ্যে আবার প্রধান শিক্ষকের ৩২টি পদ শূন্য রয়েছে। উপজেলা শিক্ষা অফিসে অফিস সহকারী প্রয়োজন তিনজন, আছেন একজন। তাই অনেক সময় অফিস সহকারীর কাজ শিক্ষকদের ডেকে এনে করানো হয়।