১৮৫ আইনজীবীর বিরুদ্ধে পুলিশের মামলা
গাজীপুর বারের ১৮৫ আইনজীবীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। গত শনিবার জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন বাদী হয়ে এ মামলাটি করেন। এর মধ্যে ৩৫ জনের নাম উল্লেখ করে ১৫০ জন অজ্ঞাত আইনজীবীকে আসামি করা হয়েছে। এঁদের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগপন্থী আইনজীবী রয়েছেন।
এজাহারে বলা হয়েছে, গত বুধবার বেলা ১১টার দিকে একদল আইনজীবী পুলিশ সুপারের কার্যালয়ের প্রধান ফটক ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করেন। আইনজীবীরা পুলিশ সুপারের কার্যালয়ে প্রবেশ করে কর্তব্যরত গার্ড কমান্ডার এএসআই আবু সাইদ, প্রহরী কনস্টেবল আনোয়ার হোসেনসহ জেলা গোয়েন্দা শাখার আরও পুলিশ সদস্যকে সরকারি কাজে বাধা প্রদান, গালিগালাজ, এলোপাতাড়িভাবে কিল-ঘুষি ও ইটপাটকেল নিক্ষেপ করে গুরুত্বর জখম করে। বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নম্বর ২, ৩, ৪-এর এজলাস ও চেম্বার এবং জেলা জজ আদালতের এজলাস ভাঙচুর করে। নথিপত্র তছনছ করাসহ কর্তব্যরত বিচারকদের অকথ্য ভাষায় গালিগালাজ ও অবমাননা করে।