১৮৬ হাত ভাঙা রাস্তার কারণে মহাসড়কে ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৬ হাত রাস্তা ভাঙাচোরা। বৃষ্টির পানি জমে উঠে গেছে পিচ। সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। আর এতেই যত বিপত্তি। যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার নওয়াপাড়া স্টেশন বাজার এলাকার এই রাস্তাটুকুই বিপর্যস্ত করে তুলছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মহাসড়কটি।অথচ এইটুকু রাস্তা সংস্কার করতে ইতিমধ্যে প্রায় ১২ লাখ টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু তা কোনো কাজে আসেনি। বরং সংস্কারের পর রাস্তাটুকুর অবস্থা আরও খারাপ হয়েছে। ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে রাস্তাটুকুর সংস্কারে।দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য ও শিল্পকেন্দ্র নওয়াপাড়া। প্রতিদিন শত শত সার, সিমেন্ট, রড, পাথর, চিনি, গম, চাল ও ছোলাবোঝাই ট্রাক নওয়াপাড়া থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ছেড়ে যায়। এ ছাড়া, যশোর-খুলনা মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বর্ষা মৌসুমে রাস্তাটুকুর অবস্থা খুব খারাপ হলে নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে প্রায় এক লাখ টাকা ব্যয়ে ওই ভাঙা অংশে ইটের খোয়া ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সে চেষ্টা খুব বেশি কাজে আসেনি। এরপর গত নভেম্বরে দরপত্রের মাধ্যমে ১০ লাখ ৮৩ হাজার টাকায় সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মহিদুল ইসলাম। গত ২৪ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করে প্রতিষ্ঠানটি। কিন্তু মাত্র এক মাসের মধ্যে পিচ উঠে গর্তের সৃষ্টি হয়। বর্তমানে বৃষ্টির পানি জমে গর্তগুলো আরও বড় হয়েছে এবং যানবাহন ও পথচারীদের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।ট্রাকচালক আবদুল মালেক বলেন, ‘রাস্তার যে অবস্থা, তাতে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের চলতে হচ্ছে। যেকোনো সময় মালবোঝাই ট্রাক উল্টে মৃত্যুর ঘটনা ঘটতে পারে।’ নওয়াপাড়া পৌরসভার মেয়র মো. রবিউল হোসেন জানান, মহাসড়কটির ওই অংশটির অবস্থা অত্যন্ত খারাপ। সংস্কারের কাজ ভালো করে করা হয়নি। তিনি বলেন, পানি নিষ্কাশনের জন্য একটা নর্দমা দরকার। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। ঠিকাদার মহিদুল ইসলাম বলেন, ‘কাজটি আমার নামে। কিন্তু আমি করিনি। করেছে বিল্লাল।’ বিল্লাল হোসেন বলেন, ‘রাস্তার কাজ খারাপ হয়নি। যথাসম্ভব ত্রুটিমুক্ত কাজ করা হয়েছে। কিন্তু পানি জমে যাওয়ার কারণে রাস্তাটি টিকছে না।’সড়ক ও জনপথ বিভাগ, যশোরের নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউল হায়দার বলেন, ‘পানি জমে থাকলে যত ভালো কাজ করা হোক না কেন, রাস্তা টিকবে না।’ তিনি বলেন, ‘আমি ওই সময় ছিলাম না। কাজের মান কেমন ছিল তা বলতে পারব না। তবে বর্ষা মৌসুম শেষ হলে আমরা ভালো করে কাজটি করব। আপাতত কিছু ইট-বালু দিয়ে রাস্তাটি মোটামুটি চলাচলের উপযোগী করার চেষ্টা করা হচ্ছে।’