সরকারের তিনটি প্রতিষ্ঠানে চাকরির জন্য মুক্তিযোদ্ধার ভুয়া সনদ ব্যবহারের অভিযোগে এক হাজার ৮৬৮ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে ওই সনদগুলো বাতিলের আদেশ জারি করা হয়েছে।মামলা দায়েরে মন্ত্রণালয়ের নির্দেশ সব জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। জেলা প্রশাসকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মামলা দায়ের করার ক্ষমতা দেবেন। ভুয়া সনদধারীদের মধ্যে এক হাজার ১০৬ জন সরকারি প্রাথমিক শিক্ষক, ৬১০ জন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন কমিউনিটি হেলথ কেয়ার প্রকল্পের প্রভাইডার এবং ১৫২ জন সরকারি মাধ্যমিক শিক্ষক পদে নিয়োগের উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা কোটায় আবেদন করেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, যাচাই-বাছাই প্রক্রিয়ায় এঁদের সনদ ভুয়া হিসেবে চিহ্নিত হওয়ায় এঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার প্রশাসনিক আদেশ জারি করা হয়েছে। সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান এসব প্রার্থীর আবেদন বাতিলও করতে পারবে। খোঁজ নিয়ে জানা গেছে, ভুয়া সনদগুলো বিগত বিএনপি-জামায়াত জোট এবং বর্তমান—এই দুই সরকারের আমলেই নেওয়া হয়েছে। কয়েকজন ভুয়া সনদধারীর কাছ থেকে জানা গেছে, দলীয় রাজনৈতিক বিবেচনা ও অর্থের বিনিময়ে দালাল চক্রের মাধ্যমে এসব সনদ তাঁরা সংগ্রহ করেন। মন্ত্রণালয়ের নিবন্ধন খাতার নম্বরের সঙ্গে সনদের নিবন্ধন নম্বরের মিল নেই। অনেকের আবার মন্ত্রণালয়ের নিবন্ধন বইয়ে নামই নেই। অনেক সনদে নামের ওপর অন্য নাম বসিয়ে ঘষামাজা করে লেখা (ওভার রাইটিং)। অনেকের পিতার নাম ভুল। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব জানান, সরকারের বিভিন্ন দপ্তরে যাঁরা কর্মরত এবং যাঁরা চাকরির জন্য আবেদন করেছেন, তাঁদের মুক্তিযোদ্ধা সনদ মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা, জেলা ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মাধ্যমে যাচাই-বাছাই করে প্রতিবেদন নেওয়া হচ্ছে। মন্ত্রণালয়ে প্রতিদিন ৪০ জন কর্মকর্তা-কর্মচারীর মাধ্যমে এসব প্রতিবেদন পুনরায় যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনে সনদ যাচাই-বাছাইয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থারও সহায়তা নেওয়া হচ্ছে।