১৮৭ জওয়ানকে অভিযোগ পড়ে শোনালেন প্রসিকিউটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাক কাকের মাংস খায় না। বিডিআরের বিদ্রোহী জওয়ানেরা কাকের কাছ থেকেও কোনো শিক্ষা গ্রহণ করেননি। তাঁরা নিজেরাই নিজেদের কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করেছেন। তাঁদের না আছে মানবতা, না আছে কৃতজ্ঞতা বোধ। বিডিআর বিদ্রোহের মামলায় সিগন্যাল সেক্টরের ১৮৭ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানাতে গিয়ে প্রসিকিউটর মেজর আহসান হাবীব এভাবেই আদালতে তাঁর বক্তব্য তুলে ধরেন। প্রসিকিউটর ১৮৭ জওয়ানের বিরুদ্ধে দলগত অভিযোগ উত্থাপনের পর সবার বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ করেন। এর মধ্যে গতকাল পর্যন্ত তিনি ৫০ আসামির বিরুদ্ধে অভিযোগ শুনিয়েছেন। বাকি আসামিদের বিরুদ্ধে আজ সোমবার অভিযোগ পড়ে শোনানো হবে।গতকাল রোববার সকাল ১০টা ৪০ মিনিটে পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৮-এর বিচারকাজ শুরু হয়। প্রসিকিউটর মেজর আহসান হাবীব অভিযুক্ত জওয়ানদের বিরুদ্ধে আদালতে অভিযোগ উত্থাপন করে অভিযোগ গঠনের জন্য আবেদন জানান।প্রসিকিউটর বলেন, সিগন্যাল সেক্টর থেকে যেকোনো স্থানে যোগাযোগ করা সম্ভব। সে দিন একজন সদস্যও যদি বিদ্রোহের ঘটনা পিলখানা কর্তৃপক্ষের কাছে জানাতেন, তাহলে এ নৃশংস ঘটনা ঘটত না। ওই দিন পিলখানার ভেতরে মুহূর্তের মধ্যেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। প্রসিকিউটর দলগত অভিযোগের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, আসামিদের মধ্যে ৪৩ জন মহাপরিচালকের আদেশ অমান্য করে দরবার হল ত্যাগ করেন, ৩৯ জন অধীনস্থদের নিয়ন্ত্রণ করেননি, ৭৮ জন বিদ্রোহ দমনে কার্যকর পদক্ষেপ নেননি, ১০৯ জন অস্ত্র-গুলি নিয়ে বিদ্রোহে অংশ নেন, বিদ্রোহের পরে তিনজনের কাছ থেকে অস্ত্র-গোলাবারুদ পাওয়া গেছে। এ ছাড়া ডাক্তারি পরীক্ষায় সাতজনের অস্ত্র বহনের বিষয়টি শনাক্ত করা হয়। অপর সাতজনকে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়।প্রসিকিউটর বলেন, সাতজন আসামিকে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও গোয়েন্দা সংস্থার ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে। বিদ্রোহের পর ডাক্তারি পরীক্ষার মাধ্যমে সাতজন বিদ্রোহীকে শনাক্ত করা হয়েছে।এরপর প্রসিকিউটর একে একে ৫০ জন সদস্যের বিরুদ্ধে ব্যক্তিগত অভিযোগ পড়ে শোনাতে শুরু করেন। বিশেষ আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের উপমহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাইদুল হক। আদালতের অন্য সদস্যরা ছিলেন লে. কর্নেল মো. সেরাজুল হক, মেজর জাহিদুর রহমান খান ও অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি শ্রী ভীষ্মদেব চক্রবর্তী।