১৮৭ নেতা-কর্মী গুম করা হয়েছে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল
গতকাল সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল

সরকার সহিংসতার অভিযোগ এনে বিরোধীদের নির্মূলের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। গত তিন মাসে সারা দেশে বিএনপির ১৮৭ জন নেতা-কর্মীকে গুম করা হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে নিহত হয়েছেন দলটির ২২৭ জন নেতা-কর্মী।
গতকাল বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেন। এ দাবির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য সরবরাহ করা হবে কি না—সাংবাদিকেরা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, পরে তা ই-মেইলে পাঠিয়ে দেওয়া হবে।
পরে বিএনপির দপ্তর থেকে পাঠানো ই-মেইলে ২০ জন নেতা-কর্মী রাজধানী থেকে ‘গুম’ হয়েছেন দাবি করে তাঁদের নামের তালিকা দেওয়া হয়। এঁদের পদ, গুমের তারিখ ও স্থান দেওয়া থাকলেও কারও ঠিকানা দেওয়া হয়নি।
ওই ই-মেইলে পাঠানো তথ্যে দাবি করা হয়, যৌথ বাহিনীর অভিযানে বিএনপির ২২৭ জন এবং জামায়াতে ইসলামীসহ জোটভুক্ত অন্যান্য দলের ৬৭ জন নিহত হয়েছেন। জোটের মোট নিহত ২৯৪ জন। যৌথ বাহিনীর অভিযানে মোট গুম/নিখোঁজ ১৮৭ জন।
বিএনপির দাবি অনুযায়ী, বাকি গুম ও নিহতের বিষয়ে জানতে রাতে আবার মির্জা ফখরুলের সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়। তবে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। জানতে চাইলে দলের সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ বলেন, মেইলে পাঠানোটি প্রথম তালিকা। পূর্ণাঙ্গ তালিকা আগামীকাল (আজ) দেওয়া হবে।
রাতে মির্জা ফখরুল ইসলাম বিবিসিকে বলেন, গত তিন মাসে তাঁদের জোটের ২৯৪ জন নিহত ও গুম হয়েছেন। তাঁদের কাছে এঁদের সবার নাম-ঠিকানা রয়েছে। তিনি বলেন, নির্বাচনের পরে যৌথ বাহিনীর অভিযানের নামে যা চলছে, তা বিচারবহির্ভূত হত্যা। যাঁদের অভিযুক্ত করা হচ্ছে, তাঁদের মৃতদেহ পাওয়া যাচ্ছে। ১০ দিনে অন্তত ১০ জনের মৃতদেহ পাওয়া গেছে। এটা মানবাধিকারের চরম লঙ্ঘন।
অভিযোগ অস্বীকার করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বিবিসিকে বলেন, বিএনপির অভিযোগ সঠিক নয়। তিনি বলেন, ‘বাসে পেট্রলবোমা মারা হচ্ছে। এই যে সহিংসতা, জঙ্গি তৎপরতা বন্ধ করা যাচ্ছিল না। পুলিশকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা এসব করছে, তাদের ধরার প্রস্তুতি নিচ্ছি আমরা।’
গুমের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘এরা হয়তো আটক হওয়ার ভয়ে কোথাও সরে গেছে। বিরোধী দল বলছে, গুম হয়ে গেছে। আমরা বিচারের কাঠগড়ায় আনছি, অন্য ব্যবস্থা নিচ্ছি না।’
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল হত্যা-গুমের জন্য নিরপেক্ষ তদন্ত দাবি করেন এবং মানবাধিকার সংস্থাগুলোকে এসব ঘটনার তদন্তে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি সরকারকে ‘গুম, গুপ্তহত্যা, খুন, নির্যাতন’ বন্ধ করার এবং বিরোধী নেতাদের মুক্তির দাবি জানান। তিনি ৫ জানুয়ারির নির্বাচন বাতিল করে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।
জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, জনস্বার্থকে গুরুত্ব দিয়ে অপরাধ দমন করার ক্ষেত্রে পুলিশ তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে। এ ক্ষেত্রে যদি কোনো ব্যত্যয় ঘটে, সে ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান আছে। অবশ্যই সেটা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হতে হবে। কারও বিরুদ্ধে এ ধরনের অভিযোগ থাকলে তা তদন্ত করে দেখা যেতে পারে।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন, সাতক্ষীরায় অভিযান নিয়ে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যে রাষ্ট্রদ্রোহমূলক কিছু ছিল না।
সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে ‘আদৌ যৌথ বাহিনী’ এবং বাংলাদেশের কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিলেন কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করেন খালেদা জিয়া। গত সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া এ বক্তব্যকে পরদিন ‘রাষ্ট্রদ্রোহ’ বলে মন্তব্য করে তা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ।
সৈয়দ আশরাফের বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘জনগণকে বিভ্রান্ত করার জন্য সৈয়দ আশরাফ এটা বলেছেন। আমি জানি না, তিনি কোন অবস্থায় ছিলেন, কীভাবে বলেছেন এবং তাঁর জন্য এ বক্তব্য কতটুকু শোভন। তিনি সত্য বলেননি। মিথ্যাচার করেছেন।’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ, আমানউল্লাহ আমান, মিজানুর রহমান, ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।