১৮৮৩ দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিল ডাচ্-বাংলা ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১০ সালে উচ্চমাধ্যমিক পাস করে বর্তমানে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা-প্রতিষ্ঠানে অধ্যয়নরত এক হাজার ৮৮৩ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংক। গতকাল শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি দেওয়া হয়।ডাচ্-বাংলা ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, এটি শিক্ষার্থীদের এগিয়ে যেতে সাহায্য করে। শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘মনে রাখতে হবে, যেকোনো ক্ষেত্রে আমাদের যে কৃতিত্ব, এর চেয়ে বড় কৃতিত্ব সমাজের।’ পরে মন্ত্রী কয়েকজন কৃতী শিক্ষার্থীর হাতে বৃত্তির চেক তুলে দেন।ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, উপব্যবস্থাপনা পরিচালক মো. সায়েদুল হাসান প্রমুখ বক্তব্য দেন।ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশন থেকে বছরে মোট ৩৬ হাজার টাকা করে দেওয়া হবে। এ বৃত্তি দুই থেকে পাঁচ বছর মেয়াদি। এতে ব্যাংকের খরচ হবে ১০২ কোটি টাকা।