সংসদীয় কমিটির সুপারিশে আইন মন্ত্রণালয়ের অসন্তোষ
১৮৯ সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত
মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে আত্তীকরণের মাধ্যমে নিয়োগ পাওয়া বিতর্কিত ১৮৯ জন সাব-রেজিস্ট্রারের নিয়োগের বিরুদ্ধে আইনি লড়াই চালাবে আইন মন্ত্রণালয়। এ বিষয়ে ২৪ আগস্ট সুপ্রিম কোর্টে মন্ত্রণালয়ের আপিলের শুনানি হতে পারে।আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি এ ব্যাপারে যে সুপারিশ করেছে, তা আমলে নেয়নি মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সরকারি সূত্রে এ খবর জানা গেছে।গত জুন মাসে সংসদীয় কমিটির সুপারিশে বলা হয়েছিল, মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে নিয়োগ পাওয়া ১৯০ জন সাব-রেজিস্ট্রারের মধ্যে যাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই, তাঁদের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে হবে। আর যাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেকেই সংসদীয় কমিটির এই সুপারিশে বিস্ময় প্রকাশ করেছেন। কারণ, মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ১৯০ জন সাব-রেজিস্ট্রারের কেউ মুজিবনগর সরকারের কর্মচারী ছিলেন না। এ ব্যাপারে তাঁরা সবাই ভুয়া প্রমাণপত্র জমা দিয়েছেন। সে জন্যই মন্ত্রণালয় তাঁদের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়।এ বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, সাব-রেজিস্ট্রারের ব্যাপারে মন্ত্রণালয় এককভাবে কোনো সিদ্ধান্ত নেবে না, যা হওয়ার আদালতেই হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের দপ্তরকে বলা হয়েছে।সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, কমিটি বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ দায়-দায়িত্ব মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দিয়েছে। বিশেষ কাউকে ছাড় দেওয়ার সুপারিশ করেনি।ভূমি নিবন্ধন বিভাগে কর্মরত ১৯০ জন সাব-রেজিস্ট্রার হাইকোর্টের আদেশবলে মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে ২০০৯ সালে ওই বিভাগে নিয়োগ পান। আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি এ বিষয়ে আপত্তি তুললে গত বছরের ১৯ জুন মন্ত্রণালয় যুগ্ম সচিব মজনুল আহসানকে সভাপতি করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।গত বছরের ৮ সেপ্টেম্বর জমা দেওয়া কমিটির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ১৯০ জন নিজেদের মুজিবনগর সরকারের কর্মচারী দাবি করে এর সমর্থনে ১৯৮৫ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৈরি করা মনোনয়নপত্র জমা দেন। কিন্তু আইন মন্ত্রণালয়ের যাচাইয়ে দেখা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় ওই সময়ে সে রকম কোনো তালিকা তৈরি করেনি। ২০১০ সালের ২৯ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়কে আরও জানানো হয়েছে, সাব-রেজিস্ট্রাররা সংস্থাপন মন্ত্রণালয়ের যে তালিকা হাইকোর্টে জমা দিয়েছেন, সেটাও ভুয়া। তদন্ত চলাকালে কমিটি মোট ১৮৯ জন (একজনের মৃত্যু হয়েছে) সাব-রেজিস্ট্রারের সাক্ষাৎকার নেয়। ৬০ জনের সাক্ষাৎকার নেওয়ার পর ১০ জন সাব-রেজিস্ট্রার সাক্ষাৎকারের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করলে হাইকোর্ট ২০১০ সালের ৬ জুলাই স্থগিতাদেশ দেন। এর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিল করা হলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের স্থগিতাদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন। এরপর কমিটি অবশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ করে।মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, মুক্তিযুদ্ধে কে কোন তারিখে, কোথায়, কোন সেক্টরে, কার অধীনে দায়িত্ব পালন করেছেন, সে-সম্পর্কিত প্রশ্নের সঠিক উত্তর সাব-রেজিস্ট্রাররা কেউই দিতে পারেননি।তদন্তে জানা গেছে, এসএসসির সনদপত্র অনুযায়ী ১৯০ জনের মধ্যে ১৯৭১ সালের ২৬ মার্চে চারজনের বয়স ছিল তিন বছর; ১৩ জনের বয়স ছিল তিন থেকে পাঁচ; ৩৯ জনের বয়স পাঁচ থেকে সাত; ২১ জনের বয়স সাত থেকে আট; ১৮ জনের বয়স আট থেকে নয়; ১২ জনের বয়স ৯ থেকে ১০; ২০ জনের বয়স ১০ থেকে ১১; ১১ জনের বয়স ১১ থেকে ১২; ১২ জনের বয়স ১২ থেকে ১৩; ১৩ জনের বয়স ১৩ থেকে ১৪; ১১ জনের বয়স ১৪ থেকে ১৫; আটজনের বয়স ১৫ থেকে ১৬; পাঁচজনের বয়স ১৬ থেকে ১৭। দুজনের বয়স ১৭ থেকে ১৮ এবং একজনের বয়স ছিল ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। তদন্তে আরও কিছু জালিয়াতির ঘটনা উদ্ঘাটিত হয়েছে।আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু আহমেদ জামাদার জানান, মুক্তিযুদ্ধের সময় বয়স পাঁচ বছরের কম হওয়ায় আইন মন্ত্রণালয় ইতিমধ্যে ১৪ জন সাব-রেজিস্ট্রারকে বরখাস্ত করেছে। বাকিদের বিরুদ্ধে মামলা চলবে।