ইন্দোনেশিয়ায় বাল্যবিবাহের বিরুদ্ধে এক নজিরবিহীন ফতোয়া দিয়েছেন নারী আলেমরা। মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর করার আহ্বান জানিয়েছেন তাঁরা। দেশটির বিদ্যমান আইনে মেয়ে ও ছেলেদের বিয়ের সর্বনিম্ন বয়স যথাক্রমে ১৬ ও ১৯ বছর।
জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের হিসাব অনুযায়ী, দেশটির প্রতি চারজন নারীর একজনের বিয়ে হয় বয়স ১৮ হওয়ার আগে।
এরই পরিপ্রেক্ষিতে নারী আলেমদের এক সম্মেলন থেকে গত বৃহস্পতিবার ওই ফতোয়া (মতামত) দেওয়া হলো। ওয়েস্ট জাভার চিরেবন শহরে তিন দিনের ওই সম্মেলনের আয়োজন করা হয়। প্রায় ৩০০ নারী আলেম এতে অংশ নেন। যোগ দেন সৌদি আরব, পাকিস্তান, আফগানিস্তান ও মালয়েশিয়ার নারী আলেম ও নারীনেত্রীরা। আয়োজকদের দাবি, বিশ্বে এটাই এ ধরনের প্রথম সম্মেলন।
কোনো ব্যাপারে শীর্ষ আলেমদের ফতোয়া মুসলিমদের মধ্যে বিশেষ প্রভাব বিস্তারকারী বিষয় হলেও আইনগতভাবে তা মানা বাধ্যতামূলক নয়।
সম্মেলনের সংগঠক নিনিক রাহায়ু বলেন, ‘ইন্দোনেশিয়ায় মাতৃমৃত্যুর হার অনেক বেশি। তাই নারী আলেম হিসেবে আমরা বাল্যবিবাহ রোধের ইস্যুতে একটা ভূমিকা রাখতেই পারি। নারী আলেমরা এ বিষয়ে অবগত আছেন এবং নারীরা কোন ধরনের বাধার সম্মুখীন হন, তা জানেন। এর ফলে এই শিশুদের রক্ষায় শুধু সরকারের দিকে চেয়ে না থেকে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি।’
ফতোয়া দেওয়া ইন্দোনেশিয়ার নারী আলেমরা গবেষণার বরাত দিয়ে বলেছেন, অল্প বয়সে বিয়ে করা অনেক ইন্দোনেশীয় মেয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারেন না ও তাঁদের অর্ধেকই শেষ পর্যন্ত শিকার হন বিবাহবিচ্ছেদের।
এ অবস্থায় এই আলেমরা সরকারের প্রতি মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ থেকে বাড়িয়ে ১৮ বছর করার অনুরোধ জানিয়েছেন; যা কয়েক বছর ধরেই মানবাধিকারকর্মীরাও করে আসছেন।
সম্মেলনে পরিবেশ ধ্বংস ও যৌন সহিংসতা নিয়েও পৃথক দুটি ফতোয়া দেওয়া হয়। আলেমরা বলছেন, এ দুটি বিষয় ইসলাম ধর্মের শিক্ষা ও মৌলিক মানবাধিকারের বিরোধী।