
যুদ্ধাপরাধীদের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমার বিধান বাতিল, আপিল বিভাগে সাঈদীর রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) আবেদন করা, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করাসহ ছয় দফা দাবিতে ১৯ অক্টোবর আইন মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রার কর্মসূচি দিয়েছে গণজাগরণ মঞ্চ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনের মুখপাত্র ইমরান এইচ সরকার এই কর্মসূচি ঘোষণা করেন। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং জামায়াত-শিবির নিষিদ্ধ করার ক্ষেত্রে টালবাহানার প্রতিবাদে এই সমাবেশ করা হয়। ছয় দফা দাবির বাকি তিনটি হলো: যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করা, এ-সংক্রান্ত আইন যুগোপযোগী করে সংশোধন করা এবং যুদ্ধাপরাধীদের প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয়করণ বা বাতিল করা।
আগামী ১৪ ও ১৫ নভেম্বর গণজাগরণ মঞ্চের জাতীয় সম্মেলন করার ঘোষণা দিয়ে ইমরান এইচ সরকার বলেন, এখন থেকে সম্মেলন হওয়ার আগ পর্যন্ত তাঁরা সারা দেশে জাগরণযাত্রা ও কর্মী সংগ্রহের কাজ চালিয়ে যাবেন।
যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত ও জামায়াত-শিবির নিষিদ্ধে টালবাহানার প্রতিবাদে গতকাল এই সমাবেশ করা হয়। একই সময়ে একই স্থানে মাত্র ৫০ গজের মধ্যে সমাবেশ করে গণজাগরণ মঞ্চের আরেকটি অংশ (কামাল পাশার নেতৃত্বাধীন)। পাশাপাশি দুই সমাবেশের মাইকের তীব্র আওয়াজের কারণে কোনো পক্ষের বক্তার বক্তব্য ভালোভাবে শুনতে পাননি শ্রোতারা। অনেককেই কানে আঙুল দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
এর মধ্যে ইমরান এইচ সরকারের সমাবেশে কয়েক শ লোক ছিলেন। আর কামাল পাশার নেতৃত্বাধীন অংশের সমাবেশে ৪০-৫০ জনের মতো লোক ছিলেন। তবে গণমাধ্যমের ক্যামেরাগুলো ইমরানের অংশের সংবাদ সংগ্রহে ব্যস্ত ছিল। কামাল পাশা অংশের সমাবেশে লোক তেমন না থাকলেও দুটি মাইক ইমরান সরকারের সমাবেশের দিকে মুখ করে রাখা ছিল।
ইমরান এইচ সরকার বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষা ও পুনর্বাসনের জন্য কাজ করছে সরকার। কিন্তু এটা হতে দেওয়া হবে না। তিনি বলেন, তাঁরা এক সপ্তাহ আগে এই সমাবেশের কর্মসূচি দিয়েছেন। তখন অন্য কারও কর্মসূচি ছিল না। এখন হঠাৎ করে মাইক এনে এখানে বক্তব্য দেওয়া হচ্ছে।
অপর অংশের নেতা কামাল পাশা সমাবেশে এখন গণজাগরণ মঞ্চের কোনো কমিটি নেই বলে দাবি করে বলেন, তাঁরা ঈদের পর গণজাগরণ মঞ্চের কমিটি গঠন করবেন।