১৯ অক্টোবর ১৯টি যাত্রাপথে পরিবহন ধর্মঘটের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কারের দাবিতে ১৯ অক্টোবর দক্ষিণ চট্টগ্রামের ১৯টি যাত্রাপথে (রুট) পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম আঞ্চলিক মালিক ঐক্য পরিষদ।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় সংগঠনের কার্যালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শেষে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।

বৈঠকে বলা হয়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। বড় বড় গর্তের কারণে মহাসড়কে দুর্ঘটনা বেড়েছে। একই সঙ্গে গাড়িরও ক্ষতি হচ্ছে। মহাসড়কটি গাড়ি চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে। অবিলম্বে মহাসড়কটি সংস্কার প্রয়োজন।

চট্টগ্রাম আঞ্চলিক মালিক ঐক্য পরিষদের সভাপতি এবং চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় দুই হাজার বাস যাত্রী পরিবহন করে। এ ছাড়া পণ্যবাহী ট্রাক ও ছোট যানও চলাচল করে। কিন্তু প্রশাসনকে বারবার তাগাদা দেওয়ার পরও দীর্ঘদিন ধরে এই মহাসড়কের কোনো সংস্কার হচ্ছে না। তাই আমরা বাধ্য হয়ে ১৯ অক্টোবর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ দক্ষিণ চট্টগ্রামের ১৯ রুটে পরিবহন ধর্মঘট ডেকেছি। এরপরও মহাসড়ক সংস্কারের উদ্যোগ না নেওয়া হলে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।’

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবহন মালিক সংগঠনের নেতা কফিল উদ্দিন, খোরশেদ আলম, হাবিবুর রহমান চৌধুরী।