১৯ ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্র অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবন ও বিদ্যুৎ-সংযোগ না থাকায় এবং লোকবলসংকটে নড়াইলে ১৯টি ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্র অচল হয়ে পড়েছে। এসব কেন্দ্রে এসে স্থানীয় লোকজন তাদের জরুরি কাজগুলো করতে পারছে না। ফলে সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে উদ্দেশ্যে নিয়ে এই কেন্দ্রগুলো স্থাপন করেছিল, তা ভেস্তে যাচ্ছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১১ নভেম্বর নড়াইলের তিন উপজেলা ও একটি প্রশাসনিক থানার ৩৯টি ইউনিয়নে তথ্যসেবাকেন্দ্রের (ইউআইএসসি) কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগেই ইউনিয়ন পরিষদগুলোতে স্থানীয় সরকার বিভাগ থেকে একটি করে ডেস্কটপ ও ল্যাপটপ কম্পিউটর, প্রিন্টার ও ইন্টারনেট মডেম দেওয়া হয়। এসব কেন্দ্র থেকে ইন্টারনেট ব্যবহার, অল্প খরচে কম্পিউটার কম্পোজ, প্রিন্ট, ছবি তোলা ও স্ক্যান করার সুবিধা দেওয়ার কথা। সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে দুজন করে কম্পিউটার অপারেটরও নিয়োগ দেওয়া হয়। তথ্যসেবা দিয়ে অপারেটররা উপার্জন করবেন, সরকার তাঁদের কোনো বেতন-ভাতা দেবে না।নড়াইলের তিনটি উপজেলা (সদর, লোহাগড়া ও কালিয়া) এবং একটি প্রশাসনিক থানায় (নড়াগাতি) মোট ৩৯টি ইউনিয়ন রয়েছে। এর মধ্যে সদর উপজেলার কলোড়া, মুলিয়া, হবখালি, আউড়িয়া ও শেখহাটি; লোহাগড়া উপজেলার লোহাগড়া, লক্ষ্মীপাশা, লাহুড়িয়া, মলিকপুর, দিঘলিয়া, নোয়াগ্রাম ও শালনগর; কালিয়া উপজেলার সালামাবাদ, পহরডাঙ্গা, জয়নগর, কলাবাড়িয়া, মাউলি, হামিদপুর ইউনিয়ন এবং নড়াগাতি থানার খাশিয়াল ইউনিয়ন পরিষদের নতুন ভবন নেই। এ কারণে এসব ইউনিয়নের তথ্যসেবাকেন্দ্র ভাড়া করা ঘরে ঢিমেতেতালায় চলছে।সদর উপজেলার কলোড়া ইউনিয়নের কলেজছাত্র রাসেল হোসেন বলেন, তাঁদের ইউআইএসসিতে গিয়ে সেবা পাওয়ার কোনো ব্যবস্থা নেই। ওই ইউপির সচিব শফিক খান বলেন, যত দিন ইউনিয়ন পর্যায়ে কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী নিয়োগ দেওয়া না হবে, তত দিন সরকারের এ উদ্যোগ সফল হবে না।কালিয়া উপজেলার হামিদপুর ইউপির চেয়ারম্যান গোলাম মোহম্মদ বলেন, ইউনিয়ন পরিষদ ভবনের বেশির ভাগ অংশ নবগঙ্গা নদীতে বিলীন হয়েছে। ইউআইএসসি চালু করতে একটি মাত্র কম্পিউটার দেওয়া হয়। বাকি জিনিসগুলো পরিষদের তহবিল থেকে কেনা হয়। ভবন না থাকায় বর্তমানে ঘর ভাড়া নিয়ে তথ্যসেবাকেন্দ্র কোনো রকমে চালু রাখা হয়েছে।সালামাবাদ ইউপির চেয়ারম্যান এস এম নাজমুল হক বলেন, ইউআইএসসির জন্য কিছু আসবাবসহ একটি ডেস্কটপ ও একটি ল্যাপটপ কম্পিউটার দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যুৎ-সংযোগ না থাকায় কেন্দ্রের কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। নড়াগাতির খাশিয়াল ইউপির চেয়ারম্যান মো. ফরিদ আহম্মদ সিকদার জানান, বিদ্যুতের সংযোগ না থাকায় কেন্দ্র পরিচালনা করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলা প্রশাসক জহুরুল হক বলেন, জেলার প্রতিটি ইউনিয়নেই ইউআইএসসি চালু করা হয়েছে। তবে সরকার কেন্দ্রের কম্পিউটার অপারেটরদের কোনো সম্মানী দেওয়ার ব্যবস্থা না করায় এবং বিদ্যুৎ-সংযোগ না থাকায় কিছু ইউনিয়নে এর ব্যত্যয় ঘটছে। তবে সে ক্ষেত্রে ইউনিয়ন-সচিবদের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। অচিরেই এ সমস্যার সমাধান হবে।