১৯ কোটি টাকার কাজে ১০ কোটির ভুয়া ভাউচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি প্রকল্পের (টিআর) ১৮ কোটি ৮০ লাখ টাকার কাজে প্রায় ১০ কোটি পাঁচ লাখ টাকার ভুয়া ভাউচার জমা দেওয়া হয়েছে। এই প্রকল্পের অনুকূলে বরাদ্দ চালের বাজারদর ও সরকারি দরের মধ্যে বিরাট ব্যবধান থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলার একটি প্রকল্প কমিটির সভাপতি প্রথম আলোকে বলেন, ‘এমনিতেই সরকারনির্ধারিত দরের চেয়ে চালের বাজারদর কম। তার ওপর ডিলাররা সিন্ডিকেট করে তাঁদের নির্ধারিত মূল্যে চাল বিক্রিতে বাধ্য করছেন। এরপর পিআইও কার্যালয়ের কমিশন (ডিও-প্রতি দেড় হাজার) ও গুদামে চাল ছাড় করাতে চাঁদা দিয়ে হয়। এভাবে টনপ্রতি ১০ হাজারের বেশি টাকা পাওয়া যায় না। এই টাকা দিয়ে তো ৩৪ হাজার টাকার কাজ করানো যায় না।’জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরে টিআর প্রকল্পে বরগুনা জেলায় ৫৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়। সরকারি হিসাবে এই চালের দাম (প্রতি টন ৩৪ হাজার ১৯৫ টাকা) ১৮ কোটি ৮০ লাখ সাত হাজার ২৫০ টাকা। কিন্তু স্থানীয় বাজারের ব্যবসায়ীরা এই চাল টনপ্রতি ১৫ হাজার টাকায় কিনে নেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে। এতে ওই চালের মূল্য দাঁড়ায় আট কোটি ২৫ লাখ টাকা, যা সরকারনির্ধারিত দর থেকে প্রায় ১০ কোটি ৫৫ লাখ কম। ৩০ জুন ছিল ২০১১-১২ অর্থবছরের হিসাব-নিকাশের শেষ দিন। এ জন্য জেলার টিআর প্রকল্পে ৫৫০ টন চালের অনুকূলে অতিরিক্ত ১০ কোটি ৫৫ লাখ ৭৭ হাজার ২৫০ টাকার ভুয়া ভাউচার জমা দিয়ে প্রকল্পের হিসাব চূড়ান্ত করা হয়।সদর উপজেলার পিআইও কার্যালয় সূত্রে জানা যায়, এবার বাজারে চালের দর ছিল প্রতি টন সাড়ে ১৫ হাজার টাকা। কিন্তু সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী দাম ধার্য ছিল ৩৪ হাজার ১৯৫ টাকা। ফলে প্রকল্পের সভাপতিদের ১৯ হাজার ১৯৫ টাকার ভুয়া ভাউচার জমা দিতে হয়েছে। সদর উপজেলার পিআইও রণজিৎ কুমার কর্মকার বলেন, কয়েক বছর ধরে এ সমস্যার মধ্যে তাঁদের কাজ করতে হচ্ছে। বাজারে চালের দরের সঙ্গে সরকারি দরের বড় ধরনের ব্যবধান থাকায় বাস্তবক্ষেত্রে কাজ করতে এবং তা সমন্বয় করতে খুব বেগ পেতে হয়। তবে বেশ কয়েকজন প্রকল্পপ্রধান অভিযোগ করেন, টিআর প্রকল্পে যে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, বর্তমান বাজারে তার দাম ২০-২২ হাজার টাকা হলেও স্থানীয় ব্যবসায়ীরা একজোট হয়ে প্রভাবশালী মহলকে পক্ষে নিয়ে ১৫ থেকে সর্বোচ্চ ১৬ হাজার টাকা মূল্য নির্ধারণ করে এসব চাল কিনেছেন। বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ইবতেদায়ি মাদ্রাসা সংস্কার প্রকল্পের সভাপতি সালমান এইচ রাসেল অভিযোগ করেন, বাজারে চালের দাম ২০-২২ হাজার টাকা হলেও ডিলাররা সিন্ডিকেট করে তাঁদের নির্ধারিত মূল্যে টিআরের চাল বিক্রিতে বাধ্য করছেন। এতে প্রকল্প বাস্তবায়নে সংশয়ের সৃষ্টি হয়েছে। বেতাগী সদরের চাল ব্যবসায়ী আ. রাজ্জাক বলেন, বাজারে চালের দর কম থাকার কারণে তাঁদের কম মূল্যে ক্রয় করতে হচ্ছে। কোনো সিন্ডিকেট করা হয়নি।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস এ প্রসঙ্গে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পিআইও কার্যালয়ে ঘুষ নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটা আমার জানা নেই। কেউ লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেব।’