১৯ কোটি টাকার চেক পেলেন ক্ষতিগ্রস্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়পুকুরিয়া কয়লাখনির পাশের আট গ্রামের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ক্ষতিপূরণ বাবদ চেক গ্রহণ করেছেন। খনির প্রধান ফটক চত্বরে গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে তাঁদের হাতে ভূমি অধিগ্রহণের ওই চেক তুলে দেওয়া হয়।গতকাল বেলা ১১টায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে মোট ১৯ কোটি ১৩ লাখ ৮০৫ টাকার ৭৫০টি চেক বিতরণ করা হয়। এর মধ্যে বসতবাড়ি অবকাঠামো খাতে ১৭ কোটি ৪৩ লাখ ৬৫ হাজার এবং বড়পুকুরিয়া বাজার অবকাঠামো খাতে এক কোটি ১৪ লাখ টাকা রয়েছে। অনুষ্ঠানে মন্ত্রী মোস্তাফিজুর রহমান ক্ষতিগ্রস্তদের বসতবাড়ি ও আবাদি জমি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার জন্য এক মাস সময় দেন। চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বড়পুকুরিয়া কয়লাখনির উপমহাব্যবস্থাপক মীর মো. আবদুল হান্নান ও এ টি এম নুরুজ্জামান, ব্যবস্থাপক জাফর সাদিক, দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হামিদুল হক, পুলিশ সুপার ময়নুল ইসলাম, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহেনুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর সংগঠন ‘বড়পুকুরিয়া জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র আহ্বায়ক ইব্রাহিম খলিল প্রমুখ।এ নিয়ে বড়পুকুরিয়া কয়লাখনির পাশের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে ১৪১ কোটি টাকার চেক বিতরণ করা হল। সব মিলিয়ে বিতরণযোগ্য টাকার পরিমাণ ১৬৮ কোটি।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হামিদুল হক জানান, জমির মালিকানা-সংক্রান্ত মামলা নিষ্পত্তি এবং ভূমিহীনের তালিকা চূড়ান্ত না হওয়া পর্যন্ত অবশিষ্ট ২৭ কোটি টাকার চেক বিতরণ সম্ভব হচ্ছে না। তবে ৩০ আগস্টের মধ্যে খনির আওয়াতভুক্ত সব ভূমিহীনকে চেক প্রদান করা হবে।সরকারঘোষিত পুনর্বাসনের ১৯০ কোটি টাকার পুরোটাই পরিশোধ করার দাবিতে দীর্ঘদিন ধরেই অবরোধ, সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে আসছেন বড়পুকুরিয়া কয়লাখনির পাশের ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা।