১৯ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-আখাউড়া রেলপথে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও এলাকায় চট্টগ্রামমুখী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ১৯ ঘণ্টা পর আবার ওই রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। গত বৃহস্পতিবার দুটি উদ্ধারকারী ট্রেন দিয়ে দুর্ঘটনাকবলিত ইঞ্জিনসহ বগিগুলো সরানো হয় এবং নতুন রেললাইন স্থাপন করা হয়। পরে রাত ১০টায় পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
শ্রীমঙ্গল রেলওয়ের গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আলী আজহম বলেন, বৃহস্পতিবার লাইনচ্যুত হয়ে রেললাইনের ওপর হেলে পড়া ইঞ্জিন ও বগিগুলো উদ্ধার করে সরিয়ে নেওয়া হয়। পরে ক্ষতিগ্রস্ত অংশে নতুন স্লিপার ও লাইন স্থাপন করে তার ওপর দিয়ে প্রথমে উদ্ধারকারী ট্রেন চালানো হয়। পরে রাত ১০টায় সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ট্রেন ওই পথ দিয়ে যায়। এর মধ্য দিয়ে ১৯ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ আবার শুরু হয়।
শমশেরনগর স্টেশনমাস্টার আবদুল আজিজ ১৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
রেললাইনে নাশকতার অভিযোগে প্রকৌশলী আলী আজহম বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় অজ্ঞাত ২৫ জনকে আসামি করে মামলা করেছেন। শ্রীমঙ্গল জিআরপি থানার ওসি ইখতিয়ার উদ্দীন মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়া উপজেলার টিলাগাঁও এলাকায় চট্টগ্রামমুখী আন্তনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ সাতটি যাত্রীবাহী বগি গত বুধবার দিবাগত রাত তিনটার দিকে লাইনচ্যুত হয়। এতে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।