১৯ ঘণ্টা পর মিলল শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে পয়োনালায় পড়ে যাওয়া শিশু জুনায়েদ হোসেনের (৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি খাল থেকে ভেসে যাওয়ার সময় শিশুটির লাশটি উদ্ধার করেন তার মামা।
জুনায়েদ হোসেনের বাবা আমির হোসেন পেশায় কাভার্ড ভ্যানের চালক। মা জুঁই বেগম পোশাককর্মী। এক ভাই ও এক বোনের মধ্যে জুনায়েদ ছিল বড়।
মা-বাবার সঙ্গে জুনায়েদ মিরপুর কমার্স কলেজের পেছনে রূপালী হাউজিং-সংলগ্ন বস্তিতে থাকত। বৃহস্পতিবার তাদের বাসার কাছ দিয়ে যাওয়া ৫-৬ ফুট চওড়া পয়োনালা থেকে ময়লা পানির সঙ্গে ভেসে যেতে থাকা বিভিন্ন জিনিস সংগ্রহ করার একপর্যায়ে নালায় পড়ে যায় জুনায়েদ। ঘটনাটি ঘটে আনুমানিক বেলা সাড়ে তিনটার দিকে। এর প্রায় ১৯ ঘণ্টা পর শিশুটির মৃত লাশ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা বৃহস্পতিবারই তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। রাত তিনটা পর্যন্ত বাতি জ্বালিয়ে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি তাকে। গতকাল সকাল সাতটা থেকে আবারও খোঁজা শুরু হয়।
জুনায়েদের নানা বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, নালাটি দিয়ে যাওয়া পানির বেশ স্রোত ছিল। বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জুনায়েদ নালার পাড়ে বসে ভেসে যাওয়া প্লাস্টিকের বোতল ও অন্যান্য জিনিসপত্র তুলে খেলছিল। তিনি নিষেধ করলেও সে শোনেনি। একসময় তিনি দুপুরের খাবার খেতে ঘরের ভেতরে ঢোকেন। বেরিয়ে এসে দেখেন জুনায়েদ সেখানে নেই। তিনি ডাকাডাকি শুরু করেন। এদিক-ওদিন খোঁজ নেন। কিন্তু কোথাও তাকে না পেয়ে তারা ধরে নেন সে নালাতে পড়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা আতিকুর রহমান বলেন, রাত ১০টার দিকে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এরপর তাঁরা গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে কমার্স কলেজের পেছনের ৬ নম্বর সড়ক-সংলগ্ন খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করেন তার মামা হীরা মানিক ও তাঁর কয়েকজন বন্ধু। হীরা মানিক বলেন, তিনি ও তাঁর কয়েকজন বন্ধু লাশ খুঁজতে খুঁজতে যাচ্ছিলেন। হঠাৎ একটি শিশুর দেহ ভেসে যেতে দেখেন। পানিতে নেমে তিনি লাশটি তুলে দেখেন সেটি জুনায়েদের।
ছেলের লাশ পেয়ে আহাজারি করছিলেন জুনায়েদের মা জুঁই বেগম। আশপাশের বাড়ির লোকজন তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন। কিন্তু তাঁর আহাজারি যেন থামছিলই না।
মিরপুরের শাহ আলী থানার উপপরিদর্শক (এসআই) খোকন চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, শিশুটির লাশ তার বাবা-মায়ের
কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের অনুরোধে লাশের ময়নাতদন্ত হয়নি।
এর আগে ১৩ জুলাই রাতে মহাখালীর দক্ষিণপাড়ায় একটি পয়োনালায় পড়ে যায় পাঁচ বছরের শিশু সানজিদা আক্তার। পরদিন নালাটি থেকে তার লাশ উদ্ধার করা হয়।