১৯ জঙ্গিকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজিরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার আসামি ১৯ জঙ্গিকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ নির্দেশ দেন।

চলতি বছরের ১৩ মার্চ হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এ মামলার আসামিদের ডান্ডাবেড়ি, হাতকড়া কিংবা কোমরে রশি বেঁধে আদালতে হাজির না করার নির্দেশ দিয়েছিলেন। ওই নির্দেশনা পাওয়ার পর থেকে পুলিশ এ মামলায় কারাগারে থাকা লুৎফুজ্জামান বাবর, আবদুস সালাম পিন্টুসহ ২৩ আসামিকে ডান্ডাবেড়ি ও হাতকড়া না পরিয়ে আদালতে হাজির করত। কিন্তু এই ২৩ আসামির মধ্যে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ১৯ জঙ্গিকে মুক্ত অবস্থায় আদালতে হাজির করার ব্যাপারে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে পুলিশ। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, এই আসামিদের ডান্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করা হলে যাওয়া-আসার পথে যেকোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারেন।

গত ২৩ জুন প্রথম আলো পত্রিকায় ‘জঙ্গি আসামিদের হাজির করা নিয়ে পুলিশের শঙ্কা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরে আসামিদের ডান্ডাবেড়ি পরানোর জন্য আবেদন করেন রাষ্ট্রপক্ষের এ মামলার প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আদালত এ আদেশ দেন।

পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশনের উপকমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, উচ্চ আদালতের নির্দেশনার পর ১৯ জঙ্গিকে ডান্ডাবেড়ি ও হাতকড়া ছাড়াই আদালতে আনা-নেওয়া করা হতো। এই ১৯ জন দুর্ধর্ষ প্রকৃতির। এর আগে একবার শীর্ষ জঙ্গি মুফতি হান্নানকে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পালানোর চেষ্টা করেছিলেন। এমনিতেই আসামিরা আদালতে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে আসার চেষ্টা করেন।

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে সাবেক কেন্দ্রীয় কারাগারের সামনে বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারকাজ চলছে। এতে ৪৯ জন আসামি আছেন। এ তালিকার মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আবদুস সালাম ও নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানের ভাই মহিবুল্লাহসহ ২৩ জন কারাগারে আছেন। আটজন আছেন জামিনে। আর তারেক রহমানসহ ১৮ জন পলাতক আছেন।