১৯ জন গ্রেপ্তার, পরে স্বামীসহ নারী কাউন্সিলর মুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত আসনের (১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড) নারী কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী, তাঁর স্বামী আবদুল কাইয়ুমসহ মোট ১৯ জনকে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ গ্রেপ্তার করে। ফেরদৌস বেগম আওয়ামী লীগের কর্মী। গভীর রাতে নারী কাউন্সিলর ও তাঁর স্বামীকে প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসমির জিম্মায় মুক্তি দেওয়া হয়। তাঁদের আজ শুক্রবার আদালতে হাজির করতে হবে।চট্টগ্রাম জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী সবুজ কুমার বড়ুয়া গতকাল বিকেলে মুন্নীসহ আরও কয়েকজনকে আসামি করে নগরের বায়েজিদ থানায় একটি মামলা করেন। এই মামলার আসামি হিসেবে মুন্নী ও অন্যরা গ্রেপ্তার হন। মামলার এজাহারে কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান, কর্মকর্তাদের মারধর এবং বেআইনিভাবে জনতাকে সংগঠিত করার অভিযোগ আনা হয় বলে পুলিশ জানিয়েছে।নগর পুলিশের পাঁচলাইশ অঞ্চলের সহকারী কমিশনার (এসি) নারী কাউন্সিলর ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।পুলিশ সূত্রে জানা যায়, নগরের অক্সিজেন মোড়ে চট্টগ্রাম-হাটহাজারী আঞ্চলিক সড়কের পাশে জেলা পরিষদের একখণ্ড জায়গা ইজারা নিয়ে ওই কাউন্সিলর ও তাঁর স্বামী সেখানে টিনের চালার ঘর তুলে ভাড়া দিয়েছিলেন। জেলা পরিষদ ওই জায়গার ইজারা বাতিল করে সেখানে স্থায়ী মার্কেট তৈরি করতে চাইলে কাউন্সিলর ও তাঁর স্বামী বাধা দেন। এ নিয়ে আদালতে মামলা হলে আদালত জায়গাটির ওপর স্থিতাবস্থা জারি করেছিলেন।জানা গেছে, ওই স্থিতাবস্থা প্রত্যাহার হওয়ায় গতকাল সকালে কাউন্সিলর ও তাঁর স্বামীর মালিকানাধীন দোকানঘর উচ্ছেদে যায় জেলা পরিষদ। কিন্তু এতে বাধা দেন কাউন্সিলর ও তাঁর সমর্থকেরা। এ নিয়ে সকালের দিকে পুলিশের সঙ্গে কাউন্সিলরের সমর্থকদের মৃদু সংঘর্ষও হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা পরিষদের পক্ষ থেকে গতকাল থানায় মামলাটি করা হয় বলে জানা গেছে।