১৯ জুন থেকে সব তামাকপণ্যে ছবিসহ সতর্কবাণী বললেন স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১৯ জুন থেকে সব তামাকপণ্যের মোড়কের ওপর অর্ধেকজুড়ে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আগামীকাল বিশ্ব তামাকমুক্ত দিবস। এ উপলক্ষে গতকাল সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং তামাকবিরোধী সংবাদকর্মীদের জোট আত্মা যৌথভাবে এ আলোচনার আয়োজন করে।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করা হবে। এই লক্ষ্য অর্জনে সরকারের সব মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। দৈনিক সমকাল-এর উপসম্পাদক মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আবদুল মালিক এবং গেস্ট অব অনার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক উপস্থিত ছিলেন। বিশ্ব তামাকমুক্ত দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘প্লেইন প্যাকেজিং—তামাক নিয়ন্ত্রণে আগামী দিন’। অনুষ্ঠানে ‘প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০১৬’-এর বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। এ বছরের পুরস্কার পেয়েছেন মুদ্রিত বা অনলাইন মাধ্যম বিভাগে (বাংলা) জনকণ্ঠ-এর প্রতিবেদক হামিদ-উজ-জামান মামুন এবং নয়া দিগন্ত-এর জিয়াউল হক মিজান।