১৯ জেলা ঝুঁকিপূর্ণ, ভোটের পরও সেনা থাকতে পারে

৫ জানুয়ারির একতরফা নির্বাচনে ৫৯ জেলার ১৪৭টি আসনে ভোট গ্রহণের কথা। এর মধ্যে ১৯ জেলার ৭০-৮০টি আসন ঝুঁকিপূর্ণ। নির্বাচন কমিশনের ভাষায় গুরুত্বপূর্ণ।
বিরোধী জোটের নির্বাচন প্রতিরোধে গঠিত সংগ্রাম কমিটি, জামায়াত-শিবিরের নাশকতার আশঙ্কা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের শক্তি প্রদর্শনকে বিবেচনায় নিয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, নির্বাচনের পর সহিংসতা হলে কিছু জেলায় প্রয়োজনে অধিক সময় সেনাবাহিনীকে মাঠে রাখা হবে। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সিইসি বলেন, সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে নেমে পড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, ভোট গ্রহণের দিন পর্যন্ত পরিস্থিতির আরও উন্নতি হবে।
সিইসি পরিস্থিতির উন্নতির কথা বললেও নির্বাচনী এলাকাগুলোতে উৎসবের কোনো চিহ্ন নেই। আছে উৎকণ্ঠা আর আতঙ্ক।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা মাঠ পরিস্থিতি পর্যবেক্ষণ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের প্রতিবেদন পাঠিয়েছে। সর্বশেষ গত বুধবার একটি গোয়েন্দা সংস্থা সারা দেশে গঠিত নির্বাচনবিরোধী সংগ্রাম কমিটি এবং কমিটির সদস্যদের নামের তালিকা কমিশনে পাঠিয়েছে। গতকাল প্রতিবেদনটি রিটার্নিং কর্মকর্তা (জেলা প্রশাসক) ও জেলা পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে। পুলিশ ও র্যাব গোয়েন্দা সংস্থার তালিকা ধরে আজ থেকে অভিযান চালাতে পারে।
পাঁচ জেলা জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর ও চাঁদপুরের কোনো আসনে ভোট হবে না। কারণ, একক প্রার্থী থাকায় এসব জেলার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন।
কমিশন সচিবালয়ের কর্মকর্তারা জানান, গোয়েন্দা প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছে, কিছু আসনে প্রার্থীর লোকজন পেশিশক্তি ব্যবহার করতে পারে। আর বেশির ভাগ আসনেই বিএনপি-জামায়াত মিলিতভাবে নির্বাচন বানচালে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এ ছাড়া গত ২০ ডিসেম্বর নির্বাচনী আইনশৃঙ্খলা-সংক্রান্ত বৈঠকে একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকার জেলাগুলোর বিভিন্ন ভোটকেন্দ্রে জামায়াত-শিবির নাশকতা চালাতে পারে।
গোয়েন্দা প্রতিবেদনে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, নেত্রকোনা, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী, গাইবান্ধা, হবিগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার এক বা একাধিক আসনকে ঝুঁকিপূর্ণ বলা হয়েছে।
জানতে চাইলে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক প্রথম আলোকে বলেন, পরিস্থিতির কারণে কমিশন বেশির ভাগ আসনকেই ‘গুরুত্বপূর্ণ’ বিবেচনা করছে। সে অনুযায়ী স্থানীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেউ যাতে নাশকতা চালাতে না পারে, সে জন্য অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার এবং অন্যান্য নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী: কমিশন সচিবালয় জানিয়েছে, এবার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাড়ে চার লাখ সদস্যের বাহিনী নিয়োগ করা হয়েছে। এর মধ্যে সশস্ত্র বাহিনী ৫০ হাজার, পুলিশ ৮০ হাজার, র্যাব সাড়ে আট হাজার, বিজিবি ১৬ হাজার, আনসার আড়াই লাখ ও কোস্টগার্ড ২০০।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্রে বলা হয়েছে, ভোটকেন্দ্রের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ। মহানগর এলাকার বাইরের সাধারণ ভোটকেন্দ্রে একজন পুলিশসহ ১৪ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দুজন পুলিশসহ ১৪ জন দায়িত্বে থাকবেন। মহানগর এলাকার প্রতি কেন্দ্রে তিন পুলিশসহ ১৬ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে পাঁচ পুলিশসহ ১৮ জন সদস্য দায়িত্ব পালন করবেন।
ভোটকেন্দ্রে নিয়োজিত পুলিশ আজ থেকে দায়িত্ব পালন শুরু করবে, অবস্থান করবে ভোট গ্রহণের পরদিন পর্যন্ত। আনসার বাহিনী গতকাল থেকে দায়িত্বে আছে। আর সশস্ত্র বাহিনী ২৬ ডিসেম্বর থেকে দায়িত্ব পালন করছে। তারা মাঠে থাকবে ৯ জানুয়ারি পর্যন্ত। বিজিবি, কোস্টগার্ড, র্যাব ও আর্মড পুলিশ ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দায়িত্বে থাকবে।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুসারে ভোট গ্রহণ শুরু হওয়ার ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা (আজ সকাল আটটা থেকে ৭ জানুয়ারি বিকেল চারটা) পর্যন্ত নির্বাচনী এলাকায় কোনো ধরনের প্রচার-প্রচারণা ও সমাবেশ করা যাবে না।
কাল শনিবার রাত ১২টা থেকে ৫ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, বেবিট্যাক্সি/অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, লঞ্চ, ইজিবাইক, ইঞ্জিনবোট ও স্পিডবোটের চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। মহানগর এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ ও জিপ চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। এ ছাড়া আজ রাত ১২টা থেকে ৭ জানুয়ারি পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। তবে মহাসড়ক এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
উদ্বেগ-উৎকণ্ঠা: ভোটের আর এক দিন বাকি। কিন্তু সাতক্ষীরার মানুষের আতঙ্ক কাটেনি। অনেকেই গ্রাম ছেড়ে শহরে আশ্রয় নিয়েছেন। বেশি আতঙ্কিত সংখ্যালঘুরা। ভোটকেন্দ্রে যাওয়া তো দূরের কথা, নিজেদের কীভাবে রক্ষা করবেন, সেই দুশ্চিন্তা তাঁদের তাড়িয়ে বেড়াচ্ছে।
সাতক্ষীরা-১ (কলারোয়া-তালা) আসনের মধ্যে কলারোয়া ও সাতক্ষীরা-২ (সদর) বেশি ঝুঁকিপূর্ণ। গত ২৫ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে অবরোধ কর্মসূচিতে সহিংসতার শিকার হয়ে সাতক্ষীরায় কমপক্ষে ১৭ জন মারা গেছেন। তাঁদের মধ্যে অন্তত নয়জন সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলায় মারা গেছেন। হিন্দু সম্প্রদায় ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।
সদরের ১৪টি ইউনিয়নের মধ্যে পাঁচটিতে প্রার্থীরা কোনোমতে প্রচারণা চালিয়েছেন। অন্য নয়টি আগরদাঁড়ি, বৈকারি, কুশখালি, বাঁশদাহ, ঘোনা, ঝাউডাঙ্গা, শিবপুর, আলীপুর ও ভোমরা ইউনিয়নে প্রচারণা নেই বললেই চলে।
সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মীর মোস্তাক আহমেঞ্চদ জানান, পৌরসভা ছাড়া কয়েকটি ইউনিয়নে প্রচারণা চালানো গেছে। সব এলাকায় যাওয়া যায়নি। যেসব এলাকায় তিনি যেতে পারেননি, সেসব এলাকার ভোটারদের কাছে ক্ষমা চেয়ে ও ভোট চেয়ে তিনি স্থানীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন।
বগুড়া: সাতটি সংসদীয় আসনের মধ্যে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ভোট গ্রহণ হবে। কিন্তু এসব এলাকায় প্রার্থীদের প্রচারণা তেমন নেই। পোস্টার-ব্যানার পর্যন্ত নেই। প্রার্থীরা হামলার ভয়ে সুযোগ বুঝে চুপিচুপি প্রচারণা চালিয়েছেন।
জেলা শহরের খুব কাছের উপজেলা শাজাহানপুর জামায়াত-শিবিরের নাশকতাপ্রবণ। গত ৩ মার্চ চাঁদে সাঈদীকে দেখা গেছে—এমন গুজবে শাজাহানপুর থানা আক্রমণসহ ব্যাপক সহিংসতা চালায় জামায়াত-শিবির। তখন সহিংসতায় চারজন প্রাণ হারান। এর পর থেকে এখানে নাশকতা ও সহিংসতা লেগেই আছে। এ উপজেলার ভোটাররা ভোটকেন্দ্রে হামলার আশঙ্কা করছেন।
শাজাহানপুর উপজেলার ডমনপুকুর গ্রামের রাজমিস্ত্রি আবদুল হান্নান বলেন, ‘দ্যাশত দুই দলের মারামারি-কাটাকাটি লাগেই আচে। ভোট কেন্দ্রত যদি বোমা মারে, কেউ কি হামাগরক বাঁচাপার পারবি? এই রকম গ্যানজামের ভোট দিবার য্যায়া জানডা হারাবার পারমো না।’
বগুড়া-৪ আসনের নন্দীগ্রাম উপজেলা পরিষদ ও থানায় জামায়াত-শিবির হামলা চালিয়ে উপজেলা পরিষদের ১৯টি কার্যালয় পুড়িয়ে দেয়। এ জন্য আসন্ন নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছেন সাধারণ ভোটার। এলাকা ঘুরে প্রার্থীদেরও আতঙ্কগ্রস্ত দেখা যায়। নাশকতার আশঙ্কায় ভোটাররা কেন্দ্রে যাবেন কি না, সংশয় রয়েছে।
নন্দীগ্রাম উপজেলার কাথম গ্রামের কৃষক আলমগীর হোসেন বলেন, ‘ভোট দিবার তো চাচ্চুনু কিন্তু ভোট দিবার যায়্যা হামাকেরে যদি জান যায়, তার লিরাপত্তা দিবি কে? জামায়াত-বিএনপির লোকেরা ভয় দেকাচ্চে, ভোটের সেন্টারত বোমা পড়বি ভোট দিবার যায়্যা জান হারাবার পারমো না।’
বগুড়া পুলিশ সুপার মো. মোজামেঞ্চল হক বলেন, দুই নির্বাচনী এলাকায় ২৬৬টি কেন্দ্রে ভোটের এক দিন আগে থেকেই তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
যশোর: ছয়টি সংসদীয় আসনের যে চারটিতে নির্বাচন হচ্ছে, সেগুলোর বেশির ভাগই ঝুঁকিপূর্ণ। সবচেয়ে ঝুঁকিপূর্ণ যশোর-৫ (মনিরামপুর)। এখানে ১২২টি কেন্দ্রের মধ্যে ৮৫টিকেই ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে। যশোর-৪ (অভয়নগর ও বাঘারপাড়া এবং যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়ন) আসনের ১৩৩টি কেন্দ্রের মধ্যে ৯৪টিই ঝুঁকিপূর্ণ। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের ১৭৪টি কেন্দ্রের ৮৮টিই ঝুঁকিপূর্ণ। যশোর-৬ (কেশবপুর) আসনের ৭৫ কেন্দ্রের মধ্যে ৪০টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। চারটি আসনে নয়টি ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবেন।
লক্ষ্মীপুর: দুটি আসনে নির্বাচন হচ্ছে। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৪টি ঝুঁকিপূর্ণ। আর লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে ১০৯ কেন্দ্রের মধ্যে ৭২টি ঝুঁকিপূর্ণ।
প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিরা।